
ইউনাইটেড নিউজ২৪ ডেস্ক:: প্রধানমন্ত্রীর ঘোর আপত্তির মুখে বাদ গেল সোলার পার্ক থেকে তার নিজের নাম। প্রকল্পের নাম দেয়া হয়েছিল ‘শেখ হাসিনা সোলার পার্ক জামালপুর, মাদারগঞ্জ’। কিন্তু প্রকল্পে নিজের নাম থাকুক তা তিনি চাননি। তাই প্রকল্প থেকে ‘শেখ হাসিনা’ অংশটি নিজেই বাদ দেন প্রধানমন্ত্রী।
নামটি রাখার জন্য সদস্যরা (সচিবরা) অনুরোধ করেন। তাতেও কাজ হয়নি। প্রধানমন্ত্রীর দেয়া নাম অনুযায়ী প্রকল্পের নতুন নাম ‘সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র’ নির্মাণ প্রকল্প।
সদস্যরা বলেছেন, এটা আইকনিক প্রকল্প। ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র দেশে এই প্রথম। তাই প্রধানমন্ত্রীর নামটা থাকা উচিত। এক র্পযায়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এ সময় প্রধানমন্ত্রীকে জানানো হয়, এটা বঙ্গবন্ধু ট্রাস্ট কর্তৃক অনুমোদিত। এতেও রাজি হননি তিনি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী এ প্রকল্পের নতুন নাম দেন। পরিকল্পনা মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এই প্রকল্পের নতুন নাম দিয়েছেন সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর দিতে বলেছেন।
মঙ্গলবার (১০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রকল্প সূত্রে জানা গেছে, ১ হাজার ৫১১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। শেষ হতে পারে ২০২৪ সালের আগস্টে।
প্রকল্পটিতে বাংলাদেশ সরকার দেবে ৩১৯ কোটি ৪০ লাখ টাকা। ৭৬ কোটি ৭৬ লাখ টাকা ঋণ দেবে বিভিন্ন সংস্থা। বাকি ১ হাজার ১১৫ কোটি ৬৩ লাখ টাকা ঋণ দেবে ভারত।