বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিকল্প পথে তেলের চালান পাঠাবে সৌদি আরব, কমলো দাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ সময় দেখুন
বিকল্প পথে তেলের চালান পাঠাবে সৌদি আরব, কমলো দাম


সৌদি আরব থেকে ওমান হয়ে অতিরিক্ত অপরিশোধিত তেলের চালান পাঠানোর খবরে বৈশ্বিক সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গ্রিনিচ মান সময় (জিএমটি) বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৩৩ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্সের দাম ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ০৬ শতাংশ কমে ১০১ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়। এর আগে বুধবার উভয় চুক্তির দামই প্রায় ৩ ডলার করে কমেছিল।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দ্রুত চালু হওয়ার ইঙ্গিত দেওয়ার পর অপরিশোধিত তেলের দাম সাপ্তাহিক সর্বোচ্চ অবস্থান থেকে নেমে এসেছে। একই সঙ্গে ওমানের উপকূলে অতিরিক্ত তেল লোডিংয়ের মাধ্যমে সরবরাহ অব্যাহত রাখার সৌদি উদ্যোগও বাজারে উদ্বেগ কমিয়েছে।

বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিরা জানান, সৌদি আরব ওমানের সোহার বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোর জন্য অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহ করছে। লোহিত সাগরের দিকে যাওয়া ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার কারণে যে সরবরাহব্যাঘাত তৈরি হয়েছে, বিকল্প এই ব্যবস্থায় তার কিছুটা ঘাটতি পূরণ করা হচ্ছে।

চলতি সপ্তাহের শুরুতে তেলের দাম প্রায় চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। এর আগে জাহাজ চলাচল খাতের কয়েকটি সূত্র জানিয়েছিল, সৌদি আরবের লোহিত সাগরীয় তেল রফতানি কেন্দ্র ইয়ানবু থেকে অপরিশোধিত তেল লোডিং স্থগিত করা হয়েছে। ইউরোপীয় ক্রেতাদের জন্য কয়েকটি চালানও বাতিল করেছে রিয়াদ। ইয়ানবুতে তেল সরবরাহকারী ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যবসায়ীদের ধারণা, পাইপলাইনটি দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ পর্যন্ত ব্যাহত হতে পারে। সৌদি আরব এখনো জানায়নি, কবে পাইপলাইনের কার্যক্রম পুরোপুরি শুরু হবে। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট মঙ্গলবার সিএনবিসিকে বলেছেন, কয়েক দিনের মধ্যেই পাইপলাইনের মাধ্যমে আবার অপরিশোধিত তেল সরবরাহ শুরু হতে পারে।

কাটেনি সরবরাহ ঝুঁকি

তেলের দাম কমলেও মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাজারে রয়ে গেছে। তিনটি তেল ও নিরাপত্তা খাতের সূত্রের মূল্যায়ন অনুযায়ী, গত সপ্তাহের একটি হামলায় ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সচল রাখা দুটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামত করে কবে পুনরায় চালু করা যাবে, সে বিষয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

সিঙ্গাপুরভিত্তিক ডিবিএস ব্যাংক জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকের জন্য তাদের মূল পূর্বাভাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার বিষয়টি ধরা হয়েছে। সেই পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ থেকে ৯৫ ডলারের মধ্যে স্থিতিশীল হতে পারে।

ডিজেল বাজারেও চাপ বাড়ছে

অপরিশোধিত তেলের সরবরাহব্যাঘাত এখনো বাজারের প্রধান উদ্বেগ হলেও ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় নতুন করে চাপ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্য ও রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ব্যাঘাতের কারণে পরিশোধিত জ্বালানির সরবরাহ সংকুচিত হচ্ছে।

ডিজেলের দামের মানদণ্ড হিসেবে বিবেচিত ইউরোপীয় গ্যাসঅয়েল ফিউচার্স মঙ্গলবার রেকর্ড সর্বোচ্চ দামে লেনদেন শেষ করেছে। যুক্তরাষ্ট্রের আল্ট্রা-লো সালফার ডিজেল ফিউচার্সও রেকর্ড সর্বোচ্চ দামে লেনদেন শেষ করেছে।

টিম ওয়াটারার বলেন, ‘স্বল্পমেয়াদে পরিশোধিত জ্বালানি পণ্যের সরবরাহ সংকট অপরিশোধিত তেলের সরবরাহের চেয়েও বড় সমস্যা হয়ে উঠতে পারে। বিশেষ করে রাশিয়ার শোধন সক্ষমতাও যখন সীমিত হয়ে পড়েছে।’

এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের একটি ড্রোন হামলায় রাশিয়ার ইয়ারোস্লাভল শহরের একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মিখাইল ইয়েভরায়েভ।

গোল্ডম্যান স্যাকস এক প্রতিবেদনে বলেছে, ডিজেলের ঘাটতি নিয়ে উদ্বেগ এবং এর ফলে দাম বেড়ে যাওয়ায় শোধনাগারগুলো পেট্রলের তুলনায় ডিজেল উৎপাদনকে অগ্রাধিকার দিতে উৎসাহিত হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর