বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে জনবল বাড়িয়েছে ইতালি দূতাবাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৫৬ সময় দেখুন


ঢাকা: ইতালীয় দূতাবাসে মুলতবি থাকা নুলা ওস্তা (Nulla Osta) তথা ওয়ার্ক পারমিটগুলোর দ্রুত নিষ্পত্তির বিষয়টি দুই পক্ষই গুরুত্বের সাথে বিবেচনা করছে। চলতি বছরের গত মে মাসের প্রথম দিকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সফরসহ ইতালীয় রাষ্ট্রদূত এবং সফররত ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে সব বৈঠকে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। এ প্রেক্ষিতে ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে জনবল বাড়িয়েছে ইতালি দূতাবাস।

সোমবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অমীমাংসিত ভিসা আবেদন প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতা নিরসনে তাদের সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ইতালীয় দূতাবাসের তথ্যানুযায়ী, ২০২৪ সালে ইতালি সরকার Law Decree no.145 জারি করে। এর আওতায় ২২ অক্টোবর ২০২৪-এর পূর্বে ইস্যুকৃত সব ওয়ার্ক পারমিট স্থগিত করা হয়। এই নতুন আইনের বিধান অনুযায়ী, কেবল প্রাদেশিক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষেই ঢাকাস্থ ইতালীয় দূতাবাস ভিসা অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারে। ফলে স্থানীয় ইতালি দূতাবাস জমে থাকা ভিসা অনুমোদনের জন্য প্রাদেশিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে থাকে, যা সময়সাপেক্ষ। এমন বাস্তবতায় ইতোমধ্যে তারা প্রায় ৪০,০০০ মুলতবি আবেদনের মধ্যে ৮,০০০-এরও বেশি আবেদন নিষ্পত্তি করেছে। এ ছাড়া, আরও প্রায় ২০,০০০ সম্ভাব্য আবেদনকারীর ওয়ার্ক পারমিট এবং এ সম্পর্কিত ভিসা প্রক্রিয়াকরণের যাচাই-বাছাইয়ের কাজ শিগগির শুরু হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালের ২২ অক্টোবরের পর থেকে ইস্যুকৃত ওয়ার্ক পারমিটে কোনো স্থগিতাদেশ না থাকায় ২০২৫ সালের ফ্লুসি ডিক্রির আওতায় ওই তারিখের পরে যারা আবেদন করেছেন, তাদের মধ্যে কয়েকশত বাংলাদেশি অভিবাসী ইতোমধ্যে ভিসা পেয়েছেন এবং আগামী মাসগুলোতে আরও অনেকে পাবেন বলে আশা করা যাচ্ছে।

এই প্রেক্ষাপটে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোমস্থ বাংলাদেশ দূতাবাস যথাক্রমে ঢাকাস্থ ইতালীয় দূতাবাস ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। ফলশ্রুতিতে, ইতালি দূতাবাস ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে জনবল বৃদ্ধি করেছে। তবে, এক বা একাধিক অসাধু চক্রের মাধ্যমে জাল ওয়ার্ক পারমিট এবং নকল নথিপত্র জমা পড়ায় আবেদনগুলোর যাচাই-বাছাই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগছে বলে জানা গেছে। ইতোমধ্যে ইতালিতে এ সংক্রান্ত একাধিক ফৌজদারি তদন্তও চলমান রয়েছে।

এমন পরিস্থিতিতে মনে রাখা জরুরি যে, ইতালিতে অভিবাসনের জন্য আগ্রহীদের কেবলমাত্র সরকারি কনস্যুলার ও প্রশাসনিক ফি ছাড়া অন্য কিছু পরিশোধের প্রয়োজন নেই। যারা অসাধু ব্যক্তিদের কাছে উল্লিখিত ফি ছাড়াও লাখ লাখ টাকা পরিশোধ করছেন, তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এই অর্থ ভিসা প্রক্রিয়াকে দুর্নীতির মাধ্যমে প্রভাবিত করার জন্য ব্যবহৃত হতে পারে, যার ফলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং এমনকি আইনি জটিলতাও দেখা দিতে পারে। এর ফলে সঠিক কাগজপত্র জমা দিয়েছেন বা দেবেন এমন আবেদনকারীদের কাগজপত্র বাছাই করতেও দীর্ঘ সময় লাগছে বা লাগতে পারে এবং এর কারণে ভিসা প্রদানে বিলম্ব ঘটছে বা ঘটতে পারে।

গত ৬ মে বাংলাদেশ ও ইতালির মধ্যে অভিবাসন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বৈধ উপায়ে দক্ষ কর্মী প্রেরণের সুযোগ তৈরি হয়েছে এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের পথ সুগম হয়েছে। এই চুক্তি বাংলাদেশ থেকে নিয়মিতভাবে ইতালিতে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী প্রেরণের দ্বার উন্মোচন করবে বলে আশা করা যায়।

ইতালিতে কর্মী হিসেবে যেতে আগ্রহী অথবা ইতোমধ্যে Nulla Osta প্রাপ্ত প্রার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, ভিসা প্রক্রিয়ার পরবর্তী ধাপ এবং ইতালি সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অনুগ্রহপূর্বক ধৈর্যধারণ করা অনিবার্য। এ প্রক্রিয়া একটি স্বতন্ত্র প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার প্রতি আমাদের আস্থা রাখা প্রয়োজন।

যেকোনো ধরনের নেতিবাচক প্রচার বা কার্যক্রম ইতালি সরকারের বিরূপ মনোভাব সৃষ্টি করতে পারে, যারা বর্তমানে ভিসাপ্রাপ্তির অপেক্ষায় রয়েছেন বা যারা ভিসার জন্য আবেদন করবেন তাদের আবেদন এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সম্ভাবনার উপর প্রতিকূল প্রভাব ফেলতে পারে। তাই, এ বিষয়ে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর