আন্তর্জাতিক ডেস্ক
ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে গেছে। এতে ৪৩ জন নিখোঁজ রয়েছেন। তিউনিসিয়ার উপকূলে ডুবে যাওয়া নৌকাটি লিবিয়ার জুওয়ারা বন্দর থেকে রওয়ানা দিয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করছিল। রয়টার্স ও বিবিসির খবর।
তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের ৮৪ জনকে নৌবাহিনী সমুদ্র থেকে উদ্ধার করেছে। এছাড়া ৪৩ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। তাদের সবাই এখনও নিখোঁজ রয়েছেন। বাংলাদেশি ছাড়াও নিখোঁজদের মধ্যে রয়েছেন মিশর, সুদান, ইরিত্রিয়ার নাগরিক।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার হওয়াদের বয়স ৩ থেকে ৪০ বছর। তাদের তিউনিসিয়ার জার্জিস বন্দর সংলগ্ন সমুদ্র এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের কোয়ারেনটাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
তিউনিসিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম জানান, গত মাসের ২৮ ও ২৯ জুন এসব অভিবাসনপ্রত্যাশী অবৈধভাবে ইতালি পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন।
উল্লেখ্য, এর আগে গত ২৭ জুন লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে আরেকটি নৌকা ডুবে যায়। ওই নৌকা থেকে বাংলাদেশিসহ ১৭৮ জনকে উদ্ধার করে তিউনিসিয়া।
সাধারণত গ্রীষ্মকালে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দিতে ভূমধ্যসাগরে অভিবাসপ্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ নৌকার সংখ্যা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সারাবাংলা/আইই