স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে মোশারফ হোসেন (২৮) নামে এক তরুণের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোশারফকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে। সেখানে তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।
আহত মোশারফ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর মির্জানগর গ্রামের কৃষক আব্দুস সাত্তারের ছেলে। রাজধানীর এলিফ্যান্ট রোডে চাচা হাজী আবুল কাশেমের জুতার দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। আজিমপুরে চাচার বাসাতেই থাকেন তিনি।
আহত মোশারফ হোসেন সারাবাংলাকে বলেন, গত মাসে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলাম। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার তারিখ ছিল আজ (মঙ্গলবার)। এ জন্য বাড়ি যেতে কমলাপুর থেকে নরসিংদীর এগারো সিন্দুর ট্রেনের টিকেট কেটেছিলাম। ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ৭টা ২৫মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। এর আগেই স্টেশনে পৌঁছে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে রেললাইনের ওপর দিয়ে ৭ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম। এসময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তিনি রেললাইনে পড়ে যাই এবং দুই পা কাটা পড়ে।
পরে স্টেশনের লোকজন দেখতে পেয়ে রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে তারা মোশারফকে উদ্ধার করে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন।
ঢামেক হাসপাতালে আহত মোশারফের সঙ্গে ছিলেন তার বেয়াই মোক্তার হোসেন। তিনি বলেন, পুলিশের মাধ্যমে মোশারফের আহত হওয়ার খবর শুনতে পাই। শুনেই পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম। সেখান থেকে চিকিৎসকরা এখানে (ঢামেক হাসপাতাল) পাঠিয়ে দিয়েছেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, দুর্ঘটনায় মোশারফের দুই পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তাকে আপাতত রক্ত দিচ্ছি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল (স্ট্যাবল) করার চেষ্টা চলছে। এরপর তার পায়ে অস্ত্রোপচার করতে হবে। তবে তার পা দু’টি রাখা সম্ভব হবে না। রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক। যেকোনো সময় তার অবস্থার অবনতি হতে পারে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক দুর্ঘটনার তথ্য জানিয়ে বলেন, মোশারফ কমলাপুর রেলস্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তার দুই পা কাটা পড়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/টিআর