শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

‘রিপুকে বিজয়ী করুন, উন্নয়নের সুবর্ণ সুযোগ তৈরি হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
‘রিপুকে বিজয়ী করুন, উন্নয়নের সুবর্ণ সুযোগ তৈরি হবে’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বগুড়ার উন্নয়ন ত্বরান্বিত করতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নামে কোনো কলঙ্ক নাই। তাকে মনোনীত করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বগুড়ার মানুষের উন্নয়নের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এবার রিপু নির্বাচিত না হলে সরকার ক্ষমতায় থাকবে। কিন্তু বগুড়া কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) শহরের শহীদ খোকন পার্কে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নৌকা মার্কার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘উন্নয়ন ত্বরান্বিত করতে নৌকায় ভোট দিন। রিপু আপনাদের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। আর প্রধানমন্ত্রী আপনাদের উন্নয়নে যা যা দরকার তাই করবেন। সেই সুযোগ বগুড়াবাসীর হাতছাড়া করা যাবে না। কারণ এবার রিপু নির্বাচিত না হলে সরকার ক্ষমতায় থাকবে। কিন্তু বগুড়া কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হবে। কারণ এখানে ভাড়াটিয়া নির্বাচিত হয়েছে। তারা কখনও এই এলাকার মানুষের জন্য ভাবেনি। তারা ভেবেছে নিজের স্বার্থ ও দলের স্বার্থের কথা।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উন্নয়নে বগুড়া ও গোপালগঞ্জের মধ্যে কোনো পার্থক্য নেই। তার কাছে চাইতে হবে। না চাইলে উন্নয়ন পাওয়া যায় না। তাই নৌকায় ভোট দিয়ে রাগেবুল আহসান রিপুকে বিজয়ী করে সদর আসন শেখ হাসিনাকে উপহার দিন। শেখ হাসিনা খুশি হয়ে বগুড়ায় উন্নয়নের যা যা দরকার তা রিপুকে দিয়ে আপনাদের কাছে পাঠাবেন। এই নির্বাচনের গুরুত্ব অনেক। আর ভুল করার দিন নেই। নৌকায় ভোট দিয়ে বগুড়ার মানুষ কাঙ্খিত উন্নয়ন বুঝে নিন।’

সংসদ সদস্য থেকে পদত্যাগকারী বিএনপি নেতাদের প্রসঙ্গে নানক বলেন, ‘সব সুযোগ-সুবিধা নিয়ে এখন শেষ সময়ে ‘থুককু আর খেলুম না।’ তারা গাড়ি নিয়েছে, কোটি টাকা দান, দানের বাড়ি নিলেন, জনগণকে কি দিলেন। মির্জা ফখরুল আজ আবার বলছে, সরকারের পদত্যাগ না হলে তারা ঘরে ফিরবে না। সরকার তো আছেই। আসলে ওদের লজ্জা নেই, শরম নেই। ওরা দেশকে নরক রাষ্ট্রে পরিণত করেছিল।’

আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘সার্বিক উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন। নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে বগুড়ার জনগণের সার্বিক উন্নয়ন হবে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে বলেই দেশে আজ এত উন্নয়ন। বগুড়ার বাসিন্দারা সরকারের উন্নয়ন থেকে বাদ যায়নি। তাই এই উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দিন।’

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভপতিত্বে নির্বাচনি জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, সাখাওয়াত হোসেন শফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর