বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ সময় দেখুন
লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়


ঢাকা: আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে ১১ দলীয় ঐক্য।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় লংমার্চের কর্মসূচি, প্রস্তুতি ও দাবিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।’

তিনি বলেন, ‘লংমার্চের প্রয়োজনীয় প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে।’ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এ কর্মসূচিতে সরকার কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘গত ছয় মাসে সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখানো এবং জনদুর্ভোগ, বিদ্যুৎ, সার ও গ্যাস সংকট সমাধানে ব্যর্থতার প্রমাণ দিয়েছে।’ বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে কটু ভাষায় কথা বলা এবং তাদের ওপর হামলার অভিযোগও করেন তিনি।

তিনি আরও বলেন, ‘লংমার্চে বাধা দেওয়া, হামলা, ভয়ভীতি দেখানো কিংবা নাশকতার চেষ্টা করা হলে তা সরকারের জন্য ভালো হবে না।’ শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে সরকার, প্রশাসন, পুলিশ ও ট্রাফিক বিভাগের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

সভায় ১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে সব বাধা অতিক্রম করে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পৌঁছাবেন তারা। জনগণের অধিকার আদায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানান তারা।

কর্মসূচির অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হবে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ ১১ দলের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ১১ দলের নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর