মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলছে। জেলার বিভিন্ন থানায় তিন দিনের অভিযানে মোট ৫৪৯ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে জেলার পাঁচটি থানাসহ গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৯৯ জনকে আটক করা হয়। এর মধ্যে লক্ষ্মীপুর সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জ থানায় ৫ জন, রায়পুর থানায় ২৪ জন, রামগঞ্জ থানায় ২২ জন, কমলনগর থানায় ১০ জন এবং ডিবি পুলিশের অভিযানে ৯ জন আটক হন।
আটক ৯৯ জনের মধ্যে ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর ১৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে পরিচালিত অভিযানে ১৮৪ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এ ছাড়া রোববার রাতের অভিযানে আরও ২৬৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অপর ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দাবি, কিশোর গ্যাংয়ের তৎপরতা, অপরাধপ্রবণতা এবং বিভিন্ন অপরাধে কিশোরদের সম্পৃক্ততা ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে জেলার ছয়টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।