ঢাকা: শ্রমিকদের জন্য একশ বিঘা জমির ওপর ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার প্রত্যেকটি একশ বিঘা করে ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশের প্রধান প্রধান শিল্পাঞ্চল টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রাম- এই ছয়টি জায়গায় একশ বিঘা করে প্রত্যেকটি হাসপাতাল আমরা তৈরি করব, যা শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসা সেবা দেবে। এগুলো আমরা নামকরণই করব যে, শ্রমিকদের জন্য যে নির্দিষ্ট এই হসপিটালগুলো।’
এ সময় বিগত ১৬ বছরের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এক যুগের বেশি সময় স্বৈরাচারের সেই দুঃশাসনে দিন কাটিয়েছি। সেই আমলে আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে বাংলাদেশের খনিজ সম্পদকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘কীভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ রুদ্ধ করে বাংলাদেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে এমন সব ইচ্ছাকৃতভাবে পলিসি গ্রহণ করেছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের বিকাশ করতে পারেনি স্বাভাবিকভাবে। ঠিক একইভাবে আমরা দেখেছি, সেই স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকেও তিলতিল করে ধ্বংস করে দেওয়া হয়েছিল। গ্রামীণ মানুষের চিকিৎসা ব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকুবা ছিল, স্বৈরাচারের সময় সেটাও ধ্বংস করে দেওয়া হয়েছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখেছি, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে সেই স্বৈরাচারের সময় এমনভাবে চিকিৎসা ব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য। কিছুদিন আগেই এই সংসদের একটি অধিবেশনে বিরোধী দলের নেতা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার কনসার্ন তুলে ধরেছিলেন।’
তারেক রহমান জানান, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত একটি সরকার। এ দেশের প্রত্যেক শ্রেণিপেশার মানুষের জন্য বর্তমান সরকার কাজ করছে। তাদেরই একটি অংশ এই শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থা নিয়েও সরকার কনসার্ন বলে জানান তিনি।