স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: সমন্বিত পদ্ধতিতে শুরু হতে যাওয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফরম ডাউনলোড শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন পরীক্ষার্থীরা।
শনিবার (৯ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে সমন্বিত পদ্ধতির ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
এবার ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য মোট তিনটি পরীক্ষা হবে। এর মধ্যে একটি পরীক্ষা হবে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য, আরেকটি মানবিকের জন্য এবং অন্যটি ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য।
এবার প্রথম ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সারাবাংলা/টিএস/পিটিএম