ঢাকা: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে সরকার। এখন থেকে দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস-১’ (‘NS1’) সম্পূর্ণ বিনামূল্যে করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সূত্রের পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য NS1 পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।