শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

‘সিঙ্গাপুর বানাতে গিয়ে দেশটাকে আজিমপুর বানিয়ে ফেলেছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৮৬ সময় দেখুন
‘সিঙ্গাপুর বানাতে গিয়ে দেশটাকে আজিমপুর বানিয়ে ফেলেছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার দেশটাকে সিঙ্গাপুর বানাতে গিয়ে আজিমপুর বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এ সমাবেশ আয়োজন করে।

গয়েশ্বর বলেন, ‘অনেক উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সর্বপ্রথম বলল, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে। এখন তারা সিঙ্গাপুর বানাতে গিয়ে দেশটাকে আজিমপুর বানিয়ে ফেলেছেন। আমাদের প্রয়োজন ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। তারা নাকি উৎপাদন করছে ২৬ হাজার মেগাওয়াট। এখন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। কুইক রেন্টালের নামে লাখ লাখ কোটি টাকা তারা লুটপাট করেছে এবং এই টাকা বিদেশে পাচার হয়েছে। পদ্মা সেতুর বাজেট হয়েছিল ১১ হাজার কোটি টাকা। শেষ পর্যন্ত এই সেতু নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে, তা কিন্তু এখনো আমরা জানি না।’

‘দেশের এই অবস্থা থেকে পরিত্রাণের একটাই পথ, তা হলো শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমাদের এই বক্তব্য বোধহয় কেউ আর শুনতে চায় না। সবাই দেখতে চায় অ্যাকশন। যে অ্যাকশনে সব পর্যায়ের জনগণ পথে নামবে। সুতরাং সেই আগের কথায় ফিরে যান অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তাড়াও হাসিনা, বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ’- বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা যদি তলোয়ার আর রাইফেলই হাতে নিই, তাহলে আবার নির্বাচন পর্যন্ত অপেক্ষা করব কেন? তার আগেই তো আপনাদের বিদায় করতে পারি। একটি সাংবিধানিক পদে থেকে সস্ত্রাসকে উসকানি দেওয়া, আতঙ্ক সৃষ্টি করে ভোটকেন্দ্র জনশূন্য রাখার একটি প্রয়াস মাত্র। এটা মনে করবেন না যে, না বুঝে তিনি কথা বলেছেন, বুঝেই তিনি বলেছেন। আজকে আমাদের মূল দায়িত্বটা হলো এই সরকারকে বিদায় করা। রাজপথেই আমাদের এর ফয়সালা করতে হবে। তাহলেই এসব পাগলামী দূর হবে।’

গয়েশ্বর বলেন, ‘আমার দেশে গ্যাসের দাম বাড়ে, গ্যাস দিতে পারে না। প্রতিবেশী দেশে গ্যাস রফতানি করে তিনি বইসা আছেন। আমার দেশের মানুষ শুষ্ক মৌসুমে পানি পায় না। অথচ ফেনী নদীর পানি তাদের (ভারত) খাবার জন্য দিতে হয়। বর্ষা মৌসুমে যখন তাদের পানি বাড়ে তখন স্লুইস গেট খুলে দিয়ে আমাদেরকে পানিতে ডুবিয়ে মারে। এই অবস্থা থেকে পরিত্রাণের একটাই পথ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো।’

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও উত্তরের গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর বিএনপি নেতা ইশরাক হোসেন, যুব দলের শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, গোলাম সারোয়ার, শাহাবুদ্দিন মুন্না, ইয়াসীন আলী, ফখরুল ইসলাম রবিন প্রমুখ।

সারাবাংলা/এজেড/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর