শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৬২ সময় দেখুন
স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

নেশা করতে বাধা দেওয়ায় স্ত্রীকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগে স্বামী শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদুল ইসলাম রাজশাহীর তানোর উপজেলার মালশিরা গ্রামের মৃত সেকেন্দারের ছেলে। তিনি স্ত্রী তৃষা খাতুনের (২১) শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর রাতে রাজশাহী নগরীর দড়িখরবোনা রেলগেট এলাকার শাহীন বস্তিতে এ ঘটনা ঘটে। স্বামী শহিদুলকে নেশা করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রীর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে অটোরিকশার ব্যাটারির অ্যাসিড ঢেলে দেন বলে অভিযোগ করেন তৃষা। এতে তাঁর মুখের একপাশসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
তৃষার অভিযোগ, শহিদুল অটোরিকশা চালিয়ে যা উপার্জন করতেন, তার বেশির ভাগই নেশার পেছনে ব্যয় করতেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত রাজু নামের এক ব্যক্তির সঙ্গে তিনি নেশা করতেন। সংসারের খরচ না দেওয়ায় মেয়েকে নিয়ে জীবিকা নির্বাহের জন্য অন্যের বাড়িতে কাজ করতে হতো তাঁকে। দুটি বাড়িতে কাজ করে সংসার চালাতেন তৃষা। স্বামীর নেশার প্রতিবাদ করলেই তাঁকে মারধর করা হতো।
অ্যাসিডে দগ্ধ হওয়ার পর ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৃষা। এ সময় স্বামী তাঁর কোনো খোঁজ নেননি। বরং মামলা করলে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে তৃষা বলেন, ভালোবেসে পাঁচ বছর আগে শহিদুলকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্বামীর এমন নির্যাতনের পর এখন নিজের ও সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তৃষা।
অভিযোগের বিষয়ে শহিদুল ইসলাম বলেন, তিনি নেশা করেন না। তবে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। একপর্যায়ে তিনি স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছেন বলে স্বীকার করেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী জানান, তৃষার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএমপি জানিয়েছে, বোয়ালিয়া থানা পুলিশ ও এসআরবি-৫-এর যৌথ অভিযানে মামলার এজাহারনামীয় আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর