স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক রয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। এছাড়া এখনও ২৩ জন নিখোঁজ রয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলের দিকে এ আকস্মিক দাবানল শুরু হয়। জরুরি সেবাকর্মীরা আলমেরিয়া প্রদেশের বেদার গ্রামের আশপাশে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং নিহতদের মধ্যে আরও ব্রিটিশ নাগরিক থাকতে পারেন।
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের স্বাস্থ্য ও জরুরি বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স জানিয়েছেন, শনিবার (১১ জুলাই) পর্যন্ত দাবানলে প্রায় ৬ হাজার ৬০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। তবে রাতের তুলনায় আবহাওয়ার উন্নতি হওয়ায় আগুনের বিরুদ্ধে সরাসরি অভিযান চালানোর সুযোগ তৈরি হয়েছে।
প্রাথমিকভাবে একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে পড়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও স্থানীয় বিদ্যুৎ কোম্পানিগুলো এ দাবি অস্বীকার করেছে।
চলমান তাপপ্রবাহে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সজুড়ে দাবানলের ঝুঁকি বেড়েছে। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আলমেরিয়ার লস গালিয়ার্দোস এলাকায় বৃহস্পতিবার বিকেলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।