ব্যবহারকারীদের তথ্য ও অ্যাকাউন্টের সুরক্ষা আরও দুর্ভেদ্য করতে বড় ধরনের সাইবার আপডেট এনেছে জনপ্রিয় তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানকারী প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
যা যা থাকছে এই ফিচারে…
পূর্বে প্ল্যাটফর্মটিতে কেবল ৬ অঙ্কের ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ পিন ব্যবহারের সুযোগ থাকলেও, নতুন ব্যবস্থায় এখন সংখ্যা, অক্ষর ও বিশেষ চিহ্নের সমন্বয়ে আরও জটিল পাসওয়ার্ড তৈরির সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। ফলে সহজ কোনো সংখ্যা বা জন্মতারিখ দিয়ে পাসওয়ার্ড সেট করার ঝুঁকি কমবে, যা হ্যাকিং প্রতিরোধে সরাসরি ভূমিকা রাখবে।
এর পাশাপাশি ব্যবহারকারীরা এখন একই অ্যাকাউন্টে আঙুলের ছাপ, ফেস আইডি বা ডিভাইসের স্ক্রিন লক ব্যবহার করে একাধিক ‘পাস-কি’ যুক্ত করতে পারবেন। এটি চালু করতে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে অ্যাকাউন্ট অপশনে গিয়ে পাস-কিস নির্বাচন করতে হবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অচেনা নম্বর থেকে আসা কলের পরিচয় নিশ্চিত করার সুবিধাও যুক্ত করা হয়েছে। ফোনে নম্বর সংরক্ষণ করা না থাকলেও, সংশ্লিষ্ট ব্যক্তির হোয়াটসঅ্যাপ আইডি থাকলে তাঁর প্রাথমিক কিছু তথ্য পর্দায় ভেসে উঠবে, যা ব্যবহারকারীকে কলটি গ্রহণ করার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
তবে উন্নত প্রযুক্তিই সুরক্ষার শেষ কথা নয়; হ্যাকিংমুক্ত থাকতে সর্বাগ্রে প্রয়োজন ব্যবহারকারীর নিজস্ব সচেতনতা। তাই অচেনা ডিভাইসের লগ-ইন সুবিধা বন্ধ রাখা, কিউআর কোড ব্যবহারে সতর্ক থাকা এবং সাময়িক প্রলোভনমূলক লিংক এড়িয়ে চলাই হবে অ্যাকাউন্ট নিরাপদ রাখার প্রধান শর্ত।