শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, আসনপ্রতি লড়ছেন ১৪ জন প্রার্থী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


‎ঢাকা: ৪৮তম বিশেষ বিসিএস এমসিকিউ পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হবে আজ। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে শুরু করে ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
‎
‎ঢাকার ২০টি কেন্দ্রে এ পরীক্ষার অনুষ্ঠিত হবে। তিন হাজার পদের বিপরীতে এই পরীক্ষায় ৪১ হাজার ২৫ জন প্রার্থী অংশ নেবেন। প্রতি আসনে লড়ছেন প্রায় ১৪ জন প্রার্থী।
‎
‎গত বুধবার (১৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদেরকে শুধু প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে হলে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টায় হলের মূল গেইট বন্ধ করা হবে। এরপর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।
‎
‎এতে আরও বলা হয়, পরীক্ষার হলে আসার সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না। আনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে হলে যেতে হবে পরীক্ষার্থীদের।
‎
‎বলা হয়েছে, পরীক্ষার হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল, সায়েন্টিফিক বা প্রগ্রামেবল ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় প্রার্থীদের কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের ‘হিয়ারিং এইড’ ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।
‎
‎পরীক্ষা পদ্ধতি:
‎৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
‎
‎এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।
‎
‎এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
‎
‎এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তির তথ্যমতে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর