শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

‘অপরিকল্পিত প্রজেক্ট গ্রহণই গ্রিড বিপর্যয়ের জন্য দায়ী’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১০৮ সময় দেখুন
‘অপরিকল্পিত প্রজেক্ট গ্রহণই গ্রিড বিপর্যয়ের জন্য দায়ী’


স্পেশাল করেসন্ডেন্ট

ঢাকা: অপরিকল্পিতভাবে প্রজেক্ট গ্রহণই জাতীয় গ্রিড বিপর্যায়ের জন্য দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বুধবার (০৫ অক্টোবর) দুপুরে আসাদ গেইটে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি যে, এটা (জাতীয় গ্রিডে বিপর্যয়) সরকারের সামগ্রিক ব্যর্থতা। যে কথাটা সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বললেন যে, এখানে যে কাঠামোগত ব্যাপারটা থাকে অর্থাৎ টেকনিক্যাল সাইড যেটা থাকে সেখানে টোটালি চুরি হয়েছে বলেই আজকে এই বিপর্যয় ঘটেছে।’

‘এটা শুধু বিদ্যুতে নয়। সর্বক্ষেত্রে ঘটনাগুলো ঘটছে। যার ফলে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমি মনে করি, এর জন্য মূলত দায়ী অপরিকল্পিতভাবে প্রজেক্ট গ্রহণ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা, যার লক্ষ্য হচ্ছে দুর্নীতি’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সরকার যে এতো চিৎকার-চেচামেজি করছে- আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, অতিরিক্ত উৎপাদনও হচ্ছে প্রয়োজনের তুলনায়। সেগুলো নিয়ে আমরা সেমিনারে বলেছি, কোথায় সমস্যা হচ্ছে।কিন্তু গতকালের ব্যাপারটা ছিল অস্বাভাবিক ব্যাপার। সারা দেশে প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ ছিল না।’

মির্জা ফখরুল বলেন, ‘এর থেকে যেটা বোঝা যায়, সরকার বিদ্যুৎ উৎপাদনের নাম করে বহু প্রজেক্ট করেছে, টাকা পয়সাও বহু বানিয়েছে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে, এই ধরনের একটা বড় বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। এর ফলে মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, সব কলকারখানা বন্ধ হয়ে গেছে, ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে, ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। গোটা জাতিকে এক অসহনীয় অবস্থার মধ্যে পড়তে হয়েছে।’

সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সারাদেশে যে পাওয়ার প্ল্যান্টগুলো দিয়েছে সেগুলো ইউনিভাইড স্পেসিফিকেশনে দেয় নাই। যার ফলে কোনো পাওয়ার স্টেশন খুব নিউ জেনারেশনের আবার কোনটা পুরনো। এদের মধ্যে সিনকোনাইজড করা সম্ভব না।’

তিনি বলেন, ‘শুধু জেনারেশনে বিদ্যুত চলে না, ট্রান্সমিশন লাগবে, ডিসট্রিবিউশন লাগে- এগুলো কিন্তু খুব একটা উন্নতি হয় নাই। খালি বিদ্যুৎ প্রকল্প বানিয়েই গেছে। বানিয়ে যাওয়ার ফলে আজকে যেটা হয়েছে। এটা আরও হবে ভবিষ্যতে। কারণ সিনকোনাইজ করে নাই।’

টুকু বলেন, ‘রেন্টাল পাওয়ার যেগুলো আছে সেগুলো পুরনো মেসিন। পুরোনা মেসিন আর নতুন যেগুলো আছে- সেগুলো এক না। কোনো না কোনো সময় দেখা যাবে একটা ক্লিপ করলে সবগুলো বন্ধ হয়ে যাবে। সিনকোনাইজড করতে পারবে না। কারণ নতুনটার সাথে পুরনোটার সিনকোনাইজড করা যায় না।’

তিনি বলেন, ‘এই যে লুটপাট করার জন্য যে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে পাওয়ার স্টেশন দিয়েছে, সেই পাওয়ার স্টেশনের স্পেসিফিকেশনগুলো কি, প্রসিডিউরগুলো কি, এটা একটার সাথে আরেকটা ম্যাচ করবে কিনা এসব বিবেচনা করে নাই। না করার ফলে আমরা দেখলাম যে, ৮ ঘন্টা বিদ্যুত নাই। একটা দেশে ৮ ঘন্টা বিদ্যুত না থাকলে কত ওয়ার্ক আউট নষ্ট হয়, কত প্রডাকশন নষ্ট হয় এটা আপনারা বুঝতে পারছেন।’

বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুত খাতের উন্নয়ন কীভাবে করবে জানতে চাইলে টুকু বলেন, ‘একবারে প্রাইভেটাইজেশন জেনারেট করা যাবে না। করলে সাধারণ মানুষের জন্য প্রাইজ করা কঠিন হয়ে যাবে। আমরা মিক্সড করব। আমাদের যে পলিসি ছিল ৩০% বেসরকারি এবং ৬০% সরকারে থাকবে- এভাবে আমরা বিদ্যুতের উন্নয়ন করব। এই উন্নয়নের সাথে সাথে ট্রান্সমিশন ও ডিসট্রিবিউশটাও সমন্বয় করব। যাতে সমস্যা না হয়।’

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী মডেল অব ইকোনমি- এটা(জাতীয় গ্রিডে বিদ্যুত বিপর্যয়) তার প্রতিফলন। তারা করেছে কী? দুর্নীতির জন্য একচেটিয়া কুইকরেন্টাল পাওয়ার প্ল্যান্ট দিয়েছে যত তাড়াতাড়ি টাকা বানানো যায়। কিন্তু এগুলোর ট্রান্সমিশন,ডিসট্রিবিউশনের যে সিনকোনাইজেশন তারা সেটা করে নাই। কারণ সেদিকে তারা মনোযোগ দেয় নাই।’

তথ্য উপরিকাঠামো ভয়াবহ ব্যাপার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এটা ভয়াবহ ব্যাপার। আমরা যেটা বার বার বলছি- কর্তৃত্ববাদী এই সরকারের যে আরও নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে, পুরোপুরি নিয়ন্ত্রণ করবে, দেশের মানুষকে বঞ্চিত করবে তথ্য পাওয়ার অধিকার থেকে, এটা (তথ্য উপরিকাঠামো) তারই বহিঃপ্রকাশ। এখন আর কোনো ফাঁক-ফোকর রইল না।’

‘আমরা এই (তথ্য উপরিকাঠামো) সার্কুলারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা প্রত্যাহারের দাবি জানাচ্ছি’- বলেন বিএনপির মহাসচিব।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর