আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য পূরণ হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার লক্ষ্যকে ‘মহৎ’ বলেও আখ্যায়িত করেছেন তিনি।
মঙ্গলবার (১২ এপ্রিল) মস্কোতে বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পুতিন ইউক্রেনে সামরিক অভিযান প্রসঙ্গে কথা বলেন। এসময় পুতিন দাবি করেন, রাশিয়ার জন্য ইউক্রেনের সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠেছিল।
ভ্লাদিমির পুতিন জানান, রুশ ভাষাভাষী ডনবাস অঞ্চলকে রক্ষা করার জন্য আগ্রাসন চালানো ছাড়া তার সামনে আর কোনো উপায় নেই। তিনি বলেন, এটি পরিষ্কার যে আমাদের সামনে কোনো বিকল্প ছিল না। আগ্রাসন চালানোর সিদ্ধান্ত সঠিক। ইউক্রেনে আমাদের লক্ষ্যগুলো পুরোপুরি পরিষ্কার এবং মহৎ।
যুদ্ধ শুরুর পর রাশিয়ার উপর পশ্চিমাদের উপর্যুপরি নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন পুতিন। তিনি বলেন, বর্তমান পৃথিবীতে কোনো দেশকে একা করে দেওয়া অসম্ভব। পশ্চিমাদের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে।
সারাবাংলা/আইই