আসাদ জামান, স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ চলমান ১০ দফার আন্দোলনকে এক দফায় পরিণত করে খুব শিগগিরই মাঠে নামবে বিএনপি। তার আগে সহযোগী শক্তিগুলোর সঙ্গে শলাপরামর্শ সেরে নেবে দলটি।
ঈদুল ফিতরের আগে থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর লিয়াজোঁ কমিটির সঙ্গে বিএনপি গঠিত লিয়াজোঁ কমিটির ধারাবাহিক বৈঠক হচ্ছে। গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অংশ নিচ্ছেন। গত ২৭ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন সরকার হটাতে ন্যূনতম দফার যৌথ ঘোষণা আসছে। এর পর ২ মে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক শেষে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন ‘যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণা শিগগিরই।
কবে নাগাদ এক দফা এবং যৌথ ঘোষণা— জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাবাংলাকে বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে বসছি। কোনো কোনো দলের সঙ্গে একাধিকবার বসা হয়েছে। আমাদের লিয়াজোঁ কমিটিতে যারা আছেন, তারা নিয়মিত বসছেন সমমনা দলগুলোর সঙ্গে, আলোচনা করছেন। যৌথ ঘোষণাটা খুব শিগগরিই আসবে।’
গণতন্ত্র মঞ্চের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সারাবাংলাকে বলেন, ‘যৌথ ঘোষণা’র রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে সমমনা ও মিত্র শক্তিগুলোর সঙ্গে বিএনপি কথা বলছে। আমরাও দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করছি। আশা করছি খুব শিগগিরই যৌথ ঘোষণা আলোর মুখ দেখবে। পাশাপাশি এক দফার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সারাবাংলাকে বলেন, ‘যৌথ ঘোষণা এবং এক দফা নিয়ে কাজ চলছে। যেহেতু সরকারবিরোধী সব রাজনৈতিক দল, সংগঠন এবং ব্যক্তিদের এক ছাতার নিচে আনার চেষ্টা চলছে, সেহেতু কোনো কিছু হুট করে হবে না। একটু সময় নিয়েই আমাদের এগোতে হবে। এ ব্যাপারে সবাইকে ধৈর্য ধরতে হবে।’
বিএনপি গঠিত লিয়াজোঁ কমিটির সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সারাবাংলাকে বলেন, ‘সরকার বিরোধী আন্দোলনে যারা মাঠে রয়েছে, সেইসব দলের লিয়াজোঁ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে আলোচনার ভিত্তিতে খুব শিগগরিই যৌথ ঘোষণা আসবে। আমরা চেয়েছিলাম ঈদুল ফিতরের পর পরই যৌথ ঘোষণা দিতে। যেহেতু আমরা এক দফার আন্দোলনে যেতে চাই, সেহেতু আরেকটু সময় আমাদের লাগবে।’
বিএনপি গঠিত লিয়াজোঁ কমিটির আরেক সদস্য ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘যৌথ ঘোষণা ও এক দফা কর্মসূচি খুব শিগগিরই দেখতে পাবেন। রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রস্তুতির ব্যাপার আছে। আমাদের সঙ্গে যারা আন্দোলনে আছে, তাদের প্রস্তুতির ব্যাপার আছে। আশা করি শর্ট টাইমের মধ্যে দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত কর্মসূচি ও ঘোষণা দেখতে পাবে।’
গত বছর জুলাই থেকে সারাদেশে ধারাবাহিক কর্মসুচি পালন করে আসছে বিএনপি। প্রথম দিকে গ্যাস-বিদ্যুৎ-পানি ও দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ছিল আন্দোলনের প্রধান ইস্যু। আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে দেশের বিভিন্ন জেলায় ১৭ নেতাকর্মী নিহত হলে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পায়। ফলে ১০ সাংগঠনিক বিভাগে আয়োজিত বিভাগীয় সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেয়। এতে করে বিএনপিসহ বিরোধী দলগুলোর মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যায়। চাঙ্গা হয়ে ওঠে নেতাকর্মী সমর্থকরা।
ঢাকার বিভাগীয় সমাবেশ খালেদা জিয়া যোগ দিচ্ছেন মর্মে বক্তব্য দিয়ে পরিবেশ ঘোলাটে করে তোলেন বিএনপির মধ্যম সারির কয়েকজন নেতা। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের দুই দিন আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনার জেরে দলটির মহাসচিব, স্থায়ী কমিটির একজন সদস্য, চেয়ারপারসনের কয়েকজন উপদেষ্টা, সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ প্রায় ২৫০ জন নেতাকর্মী গ্রেফতার হন। উদ্ভূত পরিস্থিতিতে নয়াপল্টনের পরিবর্তে গোলাপবাগ মাঠে সমাবেশ করে বিএনপি। তারপর থেকে বিএনপির আন্দোলন চলছে ঢিমেতালে।
দলীয় সূত্র মতে, নেতাকর্মী এবং দেশের সাধারণ মানুষের মধ্যে গত বছরের সেই ‘উত্তেজনা’ ফিরিয়ে আনতে আন্দোলনের প্যাটার্ন বা রূপরেখা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সেই সিদ্ধান্তের ফলে যৌথ ঘোষণা ও এক দফা দাবির কথা বলছে তারা। কিন্তু এই যৌথ ঘোষণা এবং এক দফার আন্দোলন কতটা ফলপ্রসূ হবে, সে বিষয়টি নিয়ে ‘দশবার’ ভাবতে হচ্ছে বিএনপিকে। কেননা, এবার ব্যর্থ হলে আর ইউটার্ন নেওয়ার সময় পাবে না তারা। যা করার আগামী দুই/তিন মাসের মধ্যেই করতে হবে।
এদিকে, বিএনপি ঘোষিত ১০ দফা দাবি ও ২৭ দফা রূপরেখা এবং গণতন্ত্র মঞ্চ ঘোষিত ১৪ দফা দাবিতে যে আন্দোলন গত সাড়ে চার মাস ধরে চলে আসছিল, তার ফল ঘরে তোলার আগেই শরিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও ভুল বোঝাবুঝি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে ডা. মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি এবং গণন্ত্রতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে গেছে ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। ফলে অপেক্ষাকৃত খর্ব শক্তির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টিসহ নাম ও সাইনবোর্ড সর্বস্ব দল এবং জোটকে নিয়েই যৌথ ঘোষণা বা এক দফা আন্দোলনে যেতে হবে বিএনপিকে। সে কারণে যৌথ ঘোষণা ও এক দফার আন্দোলনে মাঠে নামার আগে আরেকটু ভাবনা-চিন্তা করার প্রয়োজনবোধ করছেন বিএনপির হাইকমান্ড।
সারবাংলা/এজেড/পিটিএম