ঢাবি করেসপন্ডেন্ট
ঢাকা: কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতিকে ফুল দিতে এসে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীদের হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাদের অভিযোগ—শুভেচ্ছা জানাতে সঙ্গে নিয়ে আসা ফুল ও প্রতীকী নৌকা ছুঁড়ে ফেলে নষ্ট করেছেন তারা। কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের মাঝে ‘মনোমালিন্য’ চলাকালীন এই ঘটনা ছাত্রলীগের মাঝে নতুন আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রলীগের সভাপতি দুর্জয় পাল।
এই ঘটনায় জড়িত দুজনকে ছবি দেখে শনাক্ত করেছেন দুর্জয় পাল। তারা হলেন —ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নিরব এবং বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান নিরব। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবীর শয়নের অনুসারী।
দুর্জয় পাল বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাইকে আমরা ফুল দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে একদল শিক্ষার্থী এসে আমরা কোন ইউনিট জিজ্ঞেস করে। পরে মেয়েরা ইউনিটের নাম বললে তাদের বলা হয়, আপনারা এখান থেকে চলে যান। এরপর মেয়েরা আমার সঙ্গে কথা বলতে বললে তারা কথা বলতে আসেন।
তিনি বলেন, সাদ্দাম ভাইয়ের সঙ্গে একটু শুভেচ্ছা বিনিময় করতে এসেছি বললে তারা আমাকে বলে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো শুভেচ্ছা বিনিময় হবে না। এটা করতে চাইলে পার্টি অফিসে যান, না হয় সাদ্দাম ভাইয়ের বাসায় যান।
দুর্জয় অভিযোগ করেন, কেন এসেছি জানার পর আমাদের হাতে থাকা ফুল দিয়ে বানানো নৌকা এবং দুটি ফুলের তোড়া কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে দেয় তারা।
পরে শহিদ মিনারের সামনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় ঘটনা সম্পর্কে সাদ্দাম হোসেনকে জানালে তিনি ‘বিষয়টি দেখবেন’ বলে জানান দুর্জয় পাল।
এদিকে ঘটনার সঙ্গে নিজেদের যুক্ততা নেই বলে দাবি করেছেন অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা মেহেদি হাসান নিবিড় ও সায়েক্স শাহরিয়ার নীরব।
শারীরিকভাবে অসুস্থ দাবি করে মেহেদী হাসান নিবিড় বলেন, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আসার সময় দেখি টিএসসিতে কারা যেন ঝামেলা করছিল। সেটা দেখতেই মূলত আমি গিয়েছিলাম। তখনই হয়ত তারা আমাকে দেখেছে এবং মনে করেছে আমি ঘটনায় জড়িত। যেহেতু ক্যাম্পাসে আমি ছাত্র রাজনীতি করি সেহেতু ক্যাম্পাসের সব বিষয়ে আমার তো খোঁজ-খবর রাখতে হয়। সেটা দেখতে গিয়ে দেখি, একদল শহিদ মিনারের দিকে যাচ্ছে আরেকদল পিছন থেকে বাইকে হর্ন দিচ্ছে। পরে টিএসসি এসে দেখি, কিছু ফুলের তোড়া ছড়ানো ছিটানো। আমি ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না।
অন্য অভিযুক্ত সায়েক্স শাহরিয়ার নিরব বলেন, আমি দুইদিন ধরে আমার বাসায়। আমি আজ ক্যাম্পাসেও যাইনি। ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রশ্নই আসে না।
এই বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়ন বলেন, এই বিষয়ে আমি জানি না। আমরা খোঁজ নেব। প্রমাণ পেলে ব্যবস্থা নেব।
এই বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সারাবাংলা/আরআইআর/আইই