আন্তর্জাতিক ডেস্ক
পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে ‘অর্থবহ ও কার্যকর’ কর্মপরিকল্পনা গ্রহণের ব্যাপারে একমত হয়েছেন জি-২০ নেতারা। তবে লক্ষ্যমাত্রা কিভাবে অর্জিত হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তারা। নেতারা জলবায়ু সংকট মোকাবিলায় নতুন কোনো প্রতিশ্রুতিও দেননি।
রোববার (৩১ অক্টোবর) ইতালির রাজধানী রোমে দুই দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন শেষ হয়। সম্মেলনের শেষভাগে জি-২০’র পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়। এতে বলা হয়, নেতারা পৃথিবীর তাপমাত্রা ১.৫ সেলসিয়াসের বেশি না বাড়াতে অর্থবহ ও কার্যকর পরিকল্পনা গ্রহণের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছেন।
এবারের জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ইতালি এক বিবৃতিতে জানিয়েছে, গ্লাসগোতে অনুষ্ঠিত দুই সপ্তাহব্যাপী কোপ২৬ সম্মেলনে জলবায়ু সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট লক্ষ্য ঘোষণা করবে জি-২০ সদস্যরা।
জি-২০ বিশ্বের ১৯টি দেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে গঠিত। এসব দেশ বিশ্বের ৮০ শতাংশ গ্রিন হাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী। এবারের সম্মেলন শেষে বিবৃতিতে নেতারা ২০৫০ সাল নাগাদ শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য কোনো কর্মপরিকল্পনা ঠিক করতে পারেননি।
এদিকে বিশ্বের ২০০টি দেশের প্রতিনিধিরা কোপ২৬ সম্মেলনে অংশ নিচ্ছেন। এ সম্মেলনে ২০৩০ সাল নাগাদ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ উল্লেখযোগ্য মাত্রায় কমানোর জন্য কর্মপদ্ধতি ঠিক করা হবে বলে আশা রয়েছে। বিশ্বজুড়ে মূলত মনুষ্যসৃষ্ট জীবাশ্ম জ্বালানি থেকে ব্যাপক মাত্রায় গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হয়। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলছেন, জলবায়ু বিপর্যয় এড়াতে এখনই বড় উদ্যোগ নিতে হবে। শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলে জলবায়ুর বড় বিপর্যয় এড়ানো যাবে না।
আরও পড়ুন
সারাবাংলা/আইই