আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া থেকে ডিসকাউন্ট মূল্যে তেল কিনছে পাকিস্তান। তেলবাহী প্রথম কার্গো করাচী সমুদ্রবন্দরে পৌঁছেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ তথ্য জানিয়েছেন।
রোববার (১১ জুন) এক টুইট বার্তায় শাহবাজ শরিফ বলেন, ‘আমি জাতির কাছে আমার আরেকটি প্রতিশ্রুতি পূরণ করেছি। ঘোষণা করতে পেরে আনন্দিত যে, প্রথম রাশিয়ান অপরিশোধিত তেল কার্গো করাচীতে পৌঁছেছে। আগামীকাল থেকে তেল নিঃসরণ শুরু হবে।’
শাহবাজ শরীফ বলেন, ‘আজ একটি যুগান্তকারী দিন। আমরা সমৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা এবং সামর্থ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি।’
পাকিস্তানে প্রথমবারের মতো রাশিয়ান তেল কার্গোর আগমনকে ‘পাকিস্তান এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে একটি নতুন সম্পর্কের সূচনা বলে’ আখ্যায়িত করেছেন শাহবাজ শরীফ।
শাহবাজ শরীফ বলেন, ‘যারা এই প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন আমি তাদের সকলের প্রশংসা করি।’
গত বছর ইউক্রেনে সামরিক হামলা চালায় রাশিয়া। এতে মস্কোর উপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব। রুশ তেলের উপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা না দিলেও দেশটি থেকে আমদানি নিরুৎসাহিত করে যুক্তরাষ্ট্র। পরে রুশ তেলের সর্বোচ্চ দর ব্যারেল প্রতি ৬০ ডলার নির্ধারণ করে দেয় পশ্চিমা বিশ্ব।
তবে রাশিয়া তার অর্থনীতি গতিশীল রাখতে ডিসকাউন্ট মূল্যে তেল বিক্রি বৃদ্ধি করে। এ সুযোগে ভারত ও চীন রাশিয়া থেকে ডিসকাউন্ট মূল্যে বিশাল পরিমাণে তেল ক্রয় করে। ভারত-চীনের মতো পাকিস্তানও রাশিয়া থেকে ডিসকাউন্ট মূল্যে তেল কেনার চেষ্টা চালায় গতবছর।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রথমে এই প্রচেষ্টা চালান। এর কয়েক মাস পরেই তিনি পাকিস্তানের পার্লামেন্টে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা হারান। ইমরান খানের অভিযোগ, রাশিয়া থেকে তেল কেনার চেষ্টা করায় তার সরকারকে চক্রান্ত করে ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইমরান খানের পতনের পর ক্ষমতায় এসে শাহবাজ শরীফের সরকার রাশিয়া থেকে তেল কেনার প্রচেষ্টা অব্যাহত রাখে। শেষ পর্যন্ত ডিসকাউন্ট মূল্যে রুশ তেল কিনতে সফল হয় পাকিস্তান।
সারাবাংলা/আইই