ঢাবি: ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতাড়িত করার ঘটনাকে স্মরণ করতে ‘লীগ ধর ম্যারাথন’ আয়োজন করেছে ঢাবি ছাত্রশিবির।
শুক্রবার (১৭ জুলাই) ভোরে এ ম্যারাথনটির আয়োজন করা হয়। ম্যারাথন শেষে সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ৩ দিনব্যাপী বিশেষ চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ম্যারাথনটির কার্জন হল থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, গণতন্ত্র ও মুক্তি তোরণ, মুহসিন হল, সূর্যসেন হল হয়ে কলাভবনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্যে সাদিক কায়েম বলেন, ‘১৭ জুলাই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীরা নয়া আজাদীর সূচনা করেছিল, যার চূড়ান্ত রূপ আসে ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের মাধ্যমে। জুলাইয়ের শহিদদের বিচার নিশ্চিত করতে এবং তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’