শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

ঢাবি ছাত্রলীগের সম্মেলন—শীর্ষ নেতৃত্বের আলোচনায় যারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১১১ সময় দেখুন
ঢাবি ছাত্রলীগের সম্মেলন—শীর্ষ নেতৃত্বের আলোচনায় যারা


রাহাতুল ইসলাম রাফি, ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: রাত পেরোলেই বাংলাদেশ ছাত্রলীগের নিউক্লিয়াস খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন। সাড়ে চার বছর পর অনুষ্ঠেয় এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবে ছাত্রলীগের এই শাখায়। সম্মেলন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমজমাট অবস্থা বিরাজ করছে। প্রার্থীদের সরব অবস্থান, জল্পনা-কল্পনা, আলোচনায় মুখরিত হয়ে আছে ক্যাম্পাস।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে তৎপর শীর্ষ নেতৃত্বে আসতে আগ্রহী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, ডাস, টিএসসিসহ বিভিন্ন জায়গায় প্রার্থীদের সরব অবস্থান লক্ষ্য করা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গত চার কমিটির তথ্য বলছে, হল শাখার নেতৃত্ব দেওয়া যেকোনো একজন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে এসেছেন। সেই বিবেচনায় এবারও হল শাখা ছাত্রলীগের নেতৃত্ব যারা দিয়েছেন, তাদের মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে আসার প্রত্যাশা করছেন অনেকেই।

২০০৬ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া সোহেল রানা টিপু ছিলেন কবি জসীম উদ্দিন হল ছাত্রলীগের সাবেক সভাপতি। ২০১১ সালে ঢাবি ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন মেহেদী হাসান মোল্লা। এর আগে তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন মোতাহার হোসেন প্রিন্স। এছাড়া জগন্নাথ হল ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস ঢাবি ছাত্রলীগের সভাপতি হন ২০১৮ সালের ৩১ জুলাই।

বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া নেতাদের মধ্যে এবার আলোচনায় আছেন—জাতির জনক বঙ্গবন্ধু হল শাখার সভাপতি মেহেদি হাসান শান্ত, বিজয় একাত্তর হল শাখার সভাপতি সজীবুর রহমান সজীব, সাধারণ সম্পাদক আবু ইউনুস, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি আযহারুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত, হাজী মুহম্মদ মুহসীন হল শাখার সভাপতি শহিদুল হক শিশির, সলিমুল্লাহ মুসলিম হল শাখার সভাপতি তানভীর শিকদার, স্যার এ এফ রহমান হল শাখার সভাপতি রিয়াজুল ইসলাম, ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এবং ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসাইন নাইম।

বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউনুস সারাবাংলাকে বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ ছাত্রলীগ সরাসরি বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার তত্ত্বাবধানে পরিচালিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার সংগ্রাম ছিল, সেই সংগ্রামের অভিযাত্রায় ছাত্রসমাজের অংশগ্রহণ নিশ্চিতে ঘোষণাপত্রের আলোকে ছাত্রসমাজের জন্য ভূমিকা রাখতে বদ্ধপরিকর এবং সংগঠন পরিচালনা করতে যারা গঠনতন্ত্রের পূর্ণ অনুসরণে অঙ্গীকারবদ্ধ, তাদের মধ্য থেকেই আগামীতে নেতৃত্ব আসবে—এই প্রত্যাশা করি।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যারা নেতৃত্ব দেন, তারা পরবর্তী দায়িত্বগ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নেতৃত্ব দেওয়া একজন শিক্ষার্থীর জন্য অনেক বেশি গৌরবের এবং অভিজ্ঞতার বিষয়। সেক্ষেত্রে সংগঠনের প্রয়োজনে হল শাখার নেতৃত্ব দিচ্ছেন এমন প্রত্যেকেই দায়িত্বপালনে প্রস্তুত রয়েছেন।’

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত সারাবাংলাকে বলেন, ‘আমি চাই চেতনায়-মননে যারা আওয়ামী পরিবারের সন্তান এবং আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় আসীন করতে যারা দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে, তারাই যেন নেতৃত্বে আসে।’

তিনি বলেন, ‘হল শাখা ছাত্রলীগের নেতৃত্ব যারা দিয়েছেন, তারা অবশ্যই অভিজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে নেতৃত্ব দিতে সক্ষম। আমরা যারা হলের নেতৃত্বে ছিলাম, তারা হলের নেতৃত্বে আসার আগে প্রায় চার বছর প্রার্থী হিসেবে হল ছাত্রলীগকে লিড দিয়েছি। সেক্ষেত্রে সংগঠনের প্রয়োজনে পরবর্তী দায়িত্বের ক্ষেত্রে হল শাখার নেতৃবৃন্দ প্রস্তুত আছে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান শান্ত সারাবাংলাকে বলেন, ‘বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার ভিশন ২০৪১ পূরণে এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সকল অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সাংগঠনিকভাবে দক্ষ ও পরীক্ষিতরা নেতৃত্বে আসবে—এই প্রত্যাশা করি।’

কেন্দ্রীয় ছাত্রলীগের পদধারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে আসার আলোচনায় আছেন—সমাজসেবা বিষয়ক উপ-সম্পাদক তানভীর হাসান সৈকত, সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক জয়দ্বীপ দত্ত (জয়জিৎ), নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক সৈয়দ শরিফুল আলম (শপু), দপ্তর বিষয়ক উপ-সম্পাদক আব্দুর রাহিম সরকার, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক খালিদ উর রহমান বাদল, সহ-সম্পাদক দিদারুল ইসলাম, মুনতাসির মমতাজ ও এস এম রাকিব সিরাজী।

আলোচনায় নারী নেতৃত্ব

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ পদে আসতে আলোচনায় আছেন বেশ কয়েকজন নারী নেত্রী। তবে এই ইউনিটের শীর্ষ নেতৃত্বে কখনোই নারী নেতৃত্ব আসেনি। এবারের সম্মেলনকে ঘিরে আলোচনায় আছেন—কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদা পারভীন, তিলোত্তমা শিকদার, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ফাল্গুনী দাস তন্বী এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক রওনক জাহান রাইন।

সম্মেলনকে ঘিরে প্রত্যাশা ব্যক্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদা পারভীন সারাবাংলাকে বলেন, ‘বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা রাজনৈতিক পরিমণ্ডলে, সরকারের শীর্ষ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত সর্বত্র নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন। তিনি সব অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সামনের সারিতে কাজ করার সুযোগ সৃষ্টি করেছেন। ফলে নেতৃত্ব নির্বাচনে নারী নাকি পুরুষ সেটা না দেখে যোগ্যতা ও দক্ষতার মূল্যায়ন করার সময় এসেছে। নারীরা সৃষ্টিশীল ও সৃজনশীলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।’

অন্য এক সহ-সভাপতি তিলোত্তমা শিকদার সারাবাংলাকে বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস অধিকার আদায়ের ইতিহাস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নেওয়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এগিয়ে নিচ্ছেন, সে পরিবেশ সৃষ্টি করেছে ছাত্রলীগ। আমি মনে করি, লিঙ্গবৈষম্যের ঊর্ধ্বে গিয়ে নেতৃত্ব নির্বাচনের পরিবেশ বাংলাদেশ ছাত্রলীগে অবশ্যই আছে।’

নতুন নেতৃত্ব প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘নেতৃত্বে আসবেন তারাই, যারা দূরদর্শী, দক্ষ সংগঠক, সংস্কৃতমনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম করতে পারবেন এমন ব্যক্তিরাই নেতৃত্বে আসবেন। বিতর্কিত ও সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করেছে এমন কারও নেতৃত্বে আসার সুযোগ নেই’

সারাবাংলা/আরআইআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর