স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় ফের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে দলটি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে এ অবরোধ সফল করার জন্য আহ্বান জানান।
এদিকে ষষ্ঠ দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও শরিকরা। যা শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টায় শেষ হবে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফা, এবং ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফায় অবরোধ কর্মসচি পালন করে দলটি।
সারাবাংলা/এজেড/একে