সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপিকে ইতিবাচক রাজনীতেতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই।
রোববার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথায় কথায় সরকারের পদত্যাগ চায়। তার উদ্দেশে বলতে চাই। সরকার কেন পদত্যাগ করবে? আর কার কাছে পদত্যাগ করবে?
তিনি বলেন, সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে। পরিবর্তন চাইলে নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। আর নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই।
তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত ইস্যু উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে মাতামাতি করে কোন লাভ নেই।
জনগণ উন্নয়নের সঙ্গে আছে দাবি করে তিনি বলেন, বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে এদেশের জনগণ উন্নয়ন ও অর্জনের সঙ্গে রয়েছে, কাজেই অগণতান্ত্রিক পথে বিএনপির ক্ষমতা দখলের খোয়াব অচিরেই ভেঙে যাবে।
সারাবাংলা/এনআর/এনইউ