সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপিকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা (বিএনপি) বলছে টেক ব্যাক বাংলাদেশ। খুনির কাছে, অর্থ পাচারকারীর কাছে, দুর্নীতিবাজদের কাছে আমি আমার সোনার দেশ বঙ্গবন্ধুর বাংলার ক্ষমতা মঞ্চ ফিরিয়ে দেব, এটা হবে না। এটা হতে পারে না।
মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যারা এদেশে ভুয়া ভোটার করেছিল, ১৫ ফেব্রুয়ারি প্রহসনমূলক ভোটার করেছিল, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপির হাতে আমরা ক্ষমতা তুলে দিতে পারি না।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতেই হবে। আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন আইডিয়াল স্টেট গড়তে হবে। মুক্তির কাণ্ডারী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব। বঙ্গবন্ধুর সোনার বাংলার বিনির্মাণ; সেটাই আমাদের শপথ।
তিনি বলেন, শেখ হাসিনা আজ মুক্তির সংগ্রাম করছেন। বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে ভিশন ২০৪১, ২১০০ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল, একদিনে শত সেতু-শত রাস্তা, বাংলাদেশ আজ সারা বিশ্বের বিস্ময়।
দেশের আর্থ-সামাজিক অগ্রগতির চিত্র তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে আমরা গর্ব করে বলতে পারি শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন অভিযাত্রা শুরু হয়েছে। আমরা আরও এগিয়ে যাবো। আড়াই হাজার ডলার আজকে আমাদের মাথাপিছু আয়। আর আইএমএফ সর্বশেষ প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫ তম অর্থনীতির দেশ।
দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রস্তুত হোন। সামনে নির্বাচন। সাম্প্রদায়িক শক্তি বিএনপির পৃষ্ঠপোষকতায় আজকে মাঠে নেমেছে জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী শক্তি। এদেরকে প্রতিহত করতে হবে। পরাজিত করতে হবে।
এসময় তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ভেদ করে, আমরা এগিয়ে যাব। আগামী নির্বাচনের বিজয়ের সোনালী বন্দরে নৌকা নিয়ে বিজয়ের অভিযাত্রা শেষ করব।
সভাটি যৌথভাবে পরিচালনা করছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম।
সারাবাংলা/এনআর/এনইউ