আন্তর্জাতিক ডেস্ক
অতীতে কোনো ধাতু স্বর্ণ কি না তা জানতে ধাতুটির উপর এসিড ঢেলে পরীক্ষা করা হতো। এবার যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড যুদ্ধের জন্য প্রস্তুত কি না তা জানতে ঠিক যেন এমনই এক ‘এসিড টেস্ট’ চালিয়েছে।
গত শুক্রবার আটলান্টিক মহাসাগরে ওই যুদ্ধজাহাজটির কড়া পরীক্ষা নেয় মার্কিন নৌবাহিনী। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড।
এদিন জাহাজটির নাকের ডগায় ১৮ হাজার ১৪৩ কেজি ওজনের বিস্ফোরকের দ্বারা বিস্ফোরণ ঘটানো হয়। ওই বিস্ফোরণের ধাক্কায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে সমুদ্র উপকূলে ফ্লোরিডায় ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এমন শক্তিশালী বিস্ফোরণেও কোনো ক্ষতি হয়নি রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের।
— U.S. Navy (@USNavy) June 20, 2021
মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উন্নতমানের ওই বিমানবাহী যুদ্ধজাহাজটি সবচেয়ে আধুনিক কম্পিউটার মডেলিং মেথড ও টেকসই। এটি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠেছে কি না তা জানতে এই পরীক্ষা চালানো হয়। এতে যুদ্ধজাহাজটির সহ্যক্ষমতার ব্যাপারে ধারণা পাওয়া গেছে।
শক ট্রায়াল নামের এমন পরীক্ষা অবশ্য নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এরকম আরও কয়েকটি রণতরীর উপর এ পরীক্ষা চালিয়েছে আমেরিকা।
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ৩৩৩ মিটার দৈর্ঘ্য ও ৭৭ মিটার উচ্চ। এটি এক লাখ টন পানির জায়গা নিয়ে সমুদ্রে বিচরণ করে। সমুদ্রে মোতায়েন করার আগে আগামী ছয় মাস ধরে রণতরীটিতে আরও কিছু আধুনিকায়নের কাজ করবে মার্কিন নৌবাহিনী।
সারাবাংলা/আইই