আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমার জান্তা বাহিনীর অভিযানের মুখে পূর্বাঞ্চলীয় কায়া রাজ্যের হাপ্রুসো শহরের মো সো অঞ্চল থেকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী নিখোঁজ হয়েছেন। ছুটি কাটাতে বাড়ি যাওয়ার পথে ওই দুই কর্মী সহিংসতার কবলে পড়েন বলে সংস্থাটি জানিয়েছে।
জান্তা বাহিনী এবং বিরোধীদের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে; অনেকের মৃতদেহ পোড়া অবস্থায় পাওয়া গেছে। বিরোধীরা ওই হত্যাযজ্ঞের জন্য সেনাবাহিনীকে দায়ী করছে।
উদ্ভূত পরিস্থিতিতে মিয়ানমারের কায়া, কারেন এবং ম্যাগওয়ে অঞ্চলে কার্যক্রম স্থগিতর ঘোষণা দিয়েছে সেভ দ্য চিলড্রেন।
এ প্রসঙ্গে কথা বলতে রোববার (২৬ ডিসেম্বর) জান্তা সরকারের মুখপাত্র জ মিন তুনকে ফোনে পায়নি রয়টার্স। তাই, কায়া রাজ্যে হামলা ও হতাহতের যে খবর এসেছে, তা যাচাইও করা সম্ভব হয়নি।
তবে, রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীর একাধিক সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে সামরিক বাহিনী। স্থানীয় মো সো গ্রামের এক বাসিন্দা রয়টার্সকে ৩২টি লাশ দেখতে পাওয়ার কথা জানান। অন্যদিকে সেভ দ্য চিলড্রেন বলছে, অন্তত ৩৮ জন মারা গেছে।
সারাবাংলা/একেএম