আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে নতুন এক পদ্ধতিতে সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত একব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশটির আলাবামা অঙ্গরাজ্যের একটি কারাগার প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস দিয়ে শ্বাসরোধ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার সহজ বিকল্প হিসেবে এই পদ্ধতি গ্রহণ করেছে আলাবামা।
রাজ্যটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি মানুষের কাছে মৃত্যুদণ্ডের সবচেয়ে কম বেদনাদায়ক ও মানবিক পদ্ধতি হিসেবে পরিচিত। আলাবামায় প্রথম এই পদ্ধতি ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তির নাম জেনেথ স্মিথ। গতকাল বৃহস্পতিবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯৮৮ সালে ভাড়াটে খুনি হিসেবে এক নারীকে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হন স্মিথ। তিনি এর আগেও একবার অন্য উপায়ে মৃত্যুদণ্ড থেকে বেঁচে গিয়েছিলেন, যা বিরল ঘটনা। তবে বৃহস্পতিবার নাইট্রোজেন গ্যাসের কারণে তার মৃত্যু নিশ্চিত হয়।
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এবং স্মিথের আইনজীবীরা তার মৃত্যুদণ্ড প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। তারা বলেছিলেন, নাইট্রোজেন গ্যাস ব্যবহারের পদ্ধতিটি ঝুঁকিপূর্ণ, পরীক্ষামূলক এবং এটি একটি নির্যাতনমূলক মৃত্যু।
কারা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে। স্মিথকে রাত ৮টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনার সাক্ষী হিসেবে পাঁচজন সাংবাদিককে কাঁচের বাইরে থেকে মৃত্যুদণ্ড দেখার অনুমতি দেওয়া হয়েছিল। তারা জানান, নাইট্রোজেন সক্রিয় হওয়ার পরে স্মিথ কয়েক মিনিটের জন্য সচেতন ছিলেন বলে মনে হয়েছিল। স্মিথ প্রায় দুই মিনিট কাঁপতে থাকেন এবং ঝাঁকুনি দিতে শুরু করেন। তারপরে তার শ্বাস ধীর হয়ে যায়। একেবারে নীরব হওয়ার আগে তাকে কয়েকটি গভীর শ্বাস নিতে দেখা যায়।
এর আগে, আলাবামা আদালতে কর্তৃপক্ষ দাবি করেছিলেন, নাইট্রোজেন গ্যাসের প্রভাবে এক মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে যাবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং কিছুক্ষণ পরেই মারা যাবেন। তবে বাস্তবে সময় লেগেছে আরও বেশি।
এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হন আলাবামা রাজ্যের সংশোধন প্রধান জন হ্যাম। তিনি যুক্তি দিয়ে বলেন, স্মিথকে দেখা গেছে, তিনি যতক্ষণ সম্ভব শ্বাস ধরে রেখেছিলেন। এ কারণেই তার অজ্ঞান হতে বেশি সময় লেগেছে। পরে তিনি কিছুটা লড়াই করেছিলেন, যদিও তার নাড়াচাড়াগুলো ছিল অনিচ্ছাকৃত এবং কিছু যন্ত্রণাদায়ক শ্বাস-প্রশ্বাস নিয়েছিলেন। তাই এটি প্রত্যাশিত ছিল।
যুক্তরাষ্ট্রের অন্য কিছু রাজ্যেও নাইট্রোজেন ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকরের আইন করা হয়েছে। অকলাহোমা ও মিসিসিপিতে কয়েক বছর আগেই এই পদ্ধতি অনুমোদন করেছেন আইনপ্রণেতারা। কিন্তু এতদিন কোথায়ও এ পদ্ধতি ব্যবহার করা হয়নি। আলাবামাই প্রথম রাজ্য, যেখানে এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
মূলত যুক্তরাষ্ট্রে কতৃপক্ষের জন্য সর্বোচ্চ শাস্তি কার্যকর করা কঠিন হয়ে উঠছে। কারণ জীবননাশকারী ইনজেকশনের জন্য প্রয়োজনীয় ওষুধের জোগান পাওয়া যায় না। বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মৃত্যুদণ্ড কার্যকরের ওষুধ কারাগারে জোগান দেওয়া বন্ধ করে দিয়েছে। এছাড়া এই ওষুধ প্রস্তুতের কাঁচামালের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে।
সারাবাংলা/আইই/এনএস