স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আরও একদফা সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি রাতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে করোনা সংক্রমণ কমতে থাকলেও পরে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই সংক্রমণের চিত্র বিপরীতমুখী হতে থাকে। পরিবর্তিত পরিস্থিতিতে ২৫ মার্চ মন্ত্রণালয় জানায়, স্কুল-কলেজ খুলবে ২৩ মে। পরে সেই সিদ্ধান্ত থেকেও পিছু হঠতে হয় সরকারকে।
এ পর্যায়ে প্রথমে ২৯ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। পরে সে ছুটি বাড়ানো হয় ১২ জুন পর্যন্ত। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এরপর এক দফায় ৩০ জুন ও পরবর্তী সময়ে সেই ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। আরও এক মাস বাড়িয়ে সেটি ৩১ আগস্ট পর্যন্ত গিয়ে গড়িয়েছে।