শেকৃবি প্রতিনিধি
করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত কঠোর বিধিনিষেধের মধ্যেও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মিনি বার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্মচারী ও বিশ্ববিদ্যালয়স্থ বস্তিবাসীদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্ট প্রথম দিনেই বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের অগোচরেই ক্যাম্পাসে এত লোকসমাগমে ক্ষুব্ধ শিক্ষার্থীরাও।
জানা যায়, ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল অনুষদ ভবনের পাশের মাঠে ১৬টি দলের অংশগ্রহণে শুরু হয় মিনি বার ফুটবল টুর্নামেন্ট। খেলা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে খেলার স্থির চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে তা প্রশাসনের নজরে আসে। তারপর বিকেল ছয়টা নাগাদ প্রক্টোরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহযোগিতায় টুর্নামেন্টটি বন্ধ করে দেওয়া হয়।
ওই ম্যাচের একদলের দলনেতা বলেন, লকডাউনের কারণে সবাই বাসায় থাকায় বিকেলে অনেকেই খেলতে আসে। সেখানে থেকেই খেলাটা শুরু হয়ে গেছে। আজই প্রথম দিনের খেলা ছিল। তাছাড়াও ক্যাম্পাস বন্ধ থাকায় বিকেলে ক্যাম্পাসে মানুষের সমাগম বেড়ে যায়। কিন্তু আজ এত দর্শক হবে তা কেউ বুঝতে পারেনি।
এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সহযোগী অধ্যাপক ড. হারুন-উর-রশিদ সারাবাংলাকে বলেন, বিষয়টি জানা মাত্র আমরা তা বন্ধ করে দিই। আয়োজনের সাথে কারা কারা জড়িত সে বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। সকলের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নেব।
সারাবাংলা/এএম