শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সময় নেই, অতিদ্রুত প্রস্তুতি নিন—নেতাকর্মীদের ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২১ সময় দেখুন
সময় নেই, অতিদ্রুত প্রস্তুতি নিন—নেতাকর্মীদের ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘সময় খুব নেই’ উল্লেখ করে রাজপথে আন্দোলনের জন্য দলের নেতাকর্মীদের ‘অতিদ্রুত’ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি এই আলোচনা সভা আয়োজন করে। দলটির কয়েক হাজার নেতা-কর্মী এই এতে অংশ নেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সময় খুব কম। নিজেদের সংগঠিত করতে হবে। অতি দ্রুত জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে এই ভয়াবহ সরকার—যারা বেশিদিন ক্ষমতায় থাকলে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না, বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে—তাদের সরাতে হবে।’

তিনি বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলনকে স্মরণ করে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্মরণ করে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় ঝাঁপিয়ে পড়ি, দেশনেত্রীকে মুক্ত করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে নিয়ে আসি, নিরপেক্ষ সরকারের অধীনের নির্বাচনের ব্যবস্থা করি।’

বর্তমান সংকট উত্তরণে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এখন যে অবস্থা বা সংকট এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত রাজনৈতিক দল ও মতকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।’

সরকার ভাষা আন্দোলনের চেতনাকে ধূলিসাৎ করেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্রভাষা আন্দোলনই ছিল আমাদের জাতিসত্তা নির্মাণের প্রথম ভিত্তি। কিন্তু আজকে খুব দুর্ভাগ্যের কথা, সেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, যে আশা-আকাঙ্ক্ষা ছিল, সেই আশা-আকাঙ্ক্ষা, সেই চেতন ধূলিসাৎ হয়ে গেল।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমরা কি বাংলা ভাষাকে সর্বস্তরে চালু করতে পেরেছি? পারিনি। উপরন্তু আমরা দেখছি, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে বাংলা ভাষা আস্তে আস্তে চলে যাচ্ছে এবং আমাদের সন্তানেরা, ভিন্ন ভাষায় লেখাপড়া করছে এবং সবাই দেশের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতি আমরা কখনোই আশা করিনি।’

দুর্নীতি দমন কমিশনও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘দুর্নীতিতে দেশ এখন ভরে গেছে। এখন দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তা যিনি অনেকগুলো দুর্নীতি মামলার দেখেছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, দুর্নীতি দমন কমিশনকে পুরোপুরিভাবে দুর্নীতিগ্রস্ত করে ফেলা হয়েছে।’

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ভাষা আন্দোলনের শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা। এই ভাষা দিবসে আমাদের শিক্ষা হচ্ছে মাথা নত না করা, এই ভাষা আন্দোলনের শিক্ষা হচ্ছে যদি রুখে দাঁড়ানো যায় সাহসের সঙ্গে তাহলে দাবি আদায় করা সম্ভব হয়।’

বিএনপি মহাসচিবের সভাপতিত্বে এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খোকন প্রমুখ।

সারাবাংলা/এজেড/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর