শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

‘সরকার পতনের পর ইসি নিয়ে ভাববে বিএনপি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
‘সরকার পতনের পর ইসি নিয়ে ভাববে বিএনপি’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘সরকারের পতনের পর নির্বাচন কমিশন নিয়ে ভাববে বিএনপি’- এমনটিই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (১৪ জুন) নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিএনপি নেতা প্রয়াত গৌতম চক্রবর্তীর স্মরণে এ অনুষ্ঠান আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল। সংগঠনের সভাপতি হাসান জাফির তুহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় কৃষক দলের নেতাকর্মীরা এতে বক্তব্য দেন।

‘কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে বিধি অনুযায়ী কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু বাহাউদ্দিন এলাকা ছাড়েননি। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?’ -স্মরণসভায় বক্তব্য চলাকালে সাংবাদিকদের তরফ থেকে চিরকুট পাঠিয়ে এমন প্রশ্ন করা হলে ‘জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে এই মুহুর্তে আমাদের কোনো ভাবনা নেই। আমরা যেদিন দখলদার সরকারের হাত থেকে দেশ দখলমুক্ত করতে পারব, সেদিন নির্বাচন কমিশন নিয়ে ভাবব, কথা বলব।’

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘চিকিৎসকরা যা বলেছেন, তাতে করে গণতন্ত্রের মাতা ভালো নেই। দেশবাসীর মতো আমরাও প্রত্যাশা করি সাবেক এই প্রধানমন্ত্রী যেন সীমিত চিকিৎসার মধ্যে সুস্থ হয়ে উঠেন। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বাংলাদেশের মানুষের একটি পরিচয় দিয়েছিলেন। আজ সেই দর্শনে সব ধর্ম-বর্ণের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকা তলে একত্রিত হয়েছে।’

তিনি বলেন, ‘আমি বিএনপির জন্মের আগে বিএনপি করি। সেই সময় জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাগিয়ে তুলেছিল। জিয়াউর রহমান মানুষের প্রত্যাশা অনুযায়ী বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন।’

‘তার (জিয়াউর রহমান) পথ ধরে বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর লড়াই করে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশকে আবার গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছিলেন। তিনি এখনও গণতন্ত্রের জন্য লড়াই করছেন। আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং ভোটাধিকার ফিরে আসবে’- বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

সারাবাংলা/এজেড/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর