আন্তর্জাতিক ডেস্ক
হজ আনুষ্ঠানিকতার চূড়ান্ত একটি দিন আরাফার দিন। এদিন ভোর থেকে হজযাত্রীরা আরাফাতের ময়দানে হাজির হন। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হয় আরাফাতের দিনে। এ বছর খুতবা দিয়েছেন কাবা শরীফের ইমাম ও সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ।
হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান জানান হয়। খুতবায় বিশ্বাসীদের সকল প্রকার বিদ্বেষপূর্ণ প্রচারণার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। খুতবায় বলা হয়, এসব প্রচারণার উদ্দেশ্য মুসলিমদের বিভক্ত করা।
শেখ বিন সাঈদ খুতবায় বলেন, ইসলামী গ্রন্থগুলো ঐক্য, প্রেম, সম্প্রীতির আদেশকে নিশ্চিত করে। বিবাদ, বিভেদ ও মতভেদকে নিষিদ্ধ করে।
খুতবায় তিনি বলেন, নবী (সাঃ) তার অনুসারীদের ঐক্যবদ্ধ ও সহযোগিতামূলক হতে নির্দেশ দিয়েছেন এবং বিবাদ নিষেধ করেছেন। এইভাবে, নবীর (সাঃ) মাধ্যমে আল্লাহ তার অনুসারীদের হৃদয় একত্রিত করেছেন।
এ বছর ২০ লক্ষাধিক মুসলিম হজ পালন করছেন। মঙ্গলবার তাদের লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। আরাফাতের ময়দানে উপস্থিত থাকা হজের চারটি স্তম্ভের একটি। এটি হজের চূড়ান্ত আনুষ্ঠানিকতা।
এদিন সন্ধ্যায় হজযাত্রীরা মুজদালিফার দিকে রওয়ানা হবেন। মুজদালিফা আরাফাত এবং মিনার মধ্যবর্তী একটি ঐতিহাসিক স্থান। মঙ্গলবার দিবাগত রাত হজযাত্রীরা মুজদালিফায় কাটাবেন এবং নুড়ি পাথর সংগ্রহ করবেন। পরে তারা মিনার জামারাতে শয়তানের প্রতীকী স্তম্ভে কঙ্কর নিক্ষেপ করবেন।
পরে হজযাত্রীরা তাওয়াফ আল-ইফাদাহ করার জন্য কাবা শরিফে যাবেন। এই তাওয়াফ জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে যে কোনো সময় করতে পারেন হজযাত্রীরা।
তাওয়াফ আল-ইফাদাহ শেষে হজযাত্রীরা ইহরাম ভেঙে ফেলবেন। কাবা শরিফ থেকে হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাবেন তারা।
সারাবাংলা/আইই