আন্তর্জাতিক ডেস্ক
ভারতের অরুণাচল প্রদেশ ও সিকিমের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীনরাই জয় পেয়েছে। অরুণাচলে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরেছে বিজেপি। অন্যদিকে, সিকিমের ক্ষমতাসীন দল সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম) দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেছে।
গত ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশের ৬০টির মধ্যে ৫০টি এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। একইসঙ্গে হয়েছিল ১৮তম লোকসভা নির্বাচনেরও ভোট। আজ রোববার দুই বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষে ফল প্রকাশ হয়েছে। তবে দুই প্রদেশের লোকসভা আসনগুলোর ভোট গণনা হবে সারাদেশের সঙ্গে মঙ্গলবার (৪ এপ্রিল)।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, অরুণাচলে বিজেপি মোট ৪৬টি আসন জিতে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরেছে। রোববার অবশ্য ৬০টি বিধানসভা আসনের ৫০টির ফলাফল ঘোষণা করা হয়েছে। কারণ শাসক দল বিজেপি ইতোমধ্যেই ১০টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ছিলেন ১০জন প্রার্থীর একজন যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন।
অরুণাচলের ৬০টি আসনের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি আসন। এনসিপি তিনটি ও অরুণাচলের পিপলস পার্টি পেয়েছে দুটি আসন। তবে কংগ্রেস পেয়েছে কেবল একটি আসন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসনে বিজয়ী হয়েছেন।
এদিকে, সিকিমে ভূমিধস জয় পেয়েছে ক্ষমতাসীন দল সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)। ৩২টি আসনের ৩১টিতেই জয় পেয়েছে দলটি। মোট কাস্টিং ভোটের ৫৮ শতাংশের বেশি পেয়েছি এসকেএম।
এই দলের নেতা প্রেম সিংহ তামাং। তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে বিধায়ক পদ হারিয়েছিলেন। এবার নির্বাচনে তার দল জয় পাওয়ায় ফের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। তার দলের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
সিকিমে বাকি একটি আসন পেয়েছে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রাক্তন মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিংয়ের দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এসডিএফ)।
সারাবাংলা/আইই