আন্তর্জাতিক ডেস্ক
চাঁদের উত্তর মেরুর কাছে ভয়ংকর এক সংঘর্ষ এড়াল দুটি মহাকাশযান। ঘটনাটি গত মাসের। সোমবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এ তথ্য প্রকাশ করেছে।
জানা গেছে, ২০ অক্টোবর ভারতীয় সময় সকাল ১১.১৫ মিনিটে চাঁদের উত্তর মেরুতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার লুনার রিকনেসেন্স অরবিটার (এলআরও) ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসোরার চন্দ্রযান-২ নিরাপদ দূরত্বের চেয়ে কাছাকাছি চলে আসে। এতে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।
যেখানে দুটি মহাকাশযানের দূরত্ব থাকার কথা কমপক্ষে তিন কিলোমিটার সেখানে এক সময় এ দূরত্ব কমে আসে মাত্র ১০০ মিটারে। দুটি মহাকাশযান যখন কাছাকাছি তখন পৃথিবীতে নাসা ও ইসোরার বিজ্ঞানীদের মধ্যে চরম অস্থিরতা সৃষ্টি হয়। পরে কলিশন অ্যাভয়ড্যান্স ম্যানিউভর (সিএএম) পদ্ধতি প্রয়োগ করে সংঘর্ষ এড়ানো হয়।
সোমবার ইসরোর বিবৃতিতে এ ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়। এতে বলা হয়, সংঘর্ষ এড়াতে দুই সংস্থা সবরকমের চেষ্টা চালায়। নাসা ও ইসরো সম্মত হয়েছিল যে, দুটি মহাকাশযানই সিএএম ব্যবহার করবে। আর এতে কোনোমতে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।
উল্লেখ্য যে, গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-২ উৎক্ষেপণ করেছিল ভারত। ৬ সেপ্টেম্বর রাতে চাঁদের দক্ষিণ মেরুতে অরবিটার থেকে ল্যান্ড করার কথা ছিল ল্যান্ডার বিক্রমের। কিন্তু অবতরণের শেষ ধাপে চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকতেই চন্দ্রযান-২ ল্যান্ডার বিক্রমের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়ে বিক্রম। যদিও অরবিটারটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে।
সারাবাংলা/আইই