স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৬ মার্চ) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ছাত্র ফোরাম এ আলোচনা সভা আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখছে। তারা বিএনপির ভয়ে ভীত হয়ে পড়েছে।’
আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে অভিযোগ করে তিনি বলেন, ‘এক এগারোর পরিবর্তিত পরিস্থিতিতে একটি সাংবিধানিক সরকারকে উৎখাত করা হয়েছিল। সেদিন আওয়ামী লীগ সেটা গর্বের সঙ্গে স্বীকার করেছিল।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ খেতে পারে না। অন্যদিকে আওয়ামী লীগের সবাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তারা দেশকে খাদের কিনারায় নিয়ে গেছে। এই সরকারকে সরাতে না পারলে সংকট সমাধান হবে না।’
তিনি বলেন, ‘নিজেদের স্বার্থে সংবিধান কেটেছেটে শেষ করে ফেলেছে সরকার। একে সংশোধন করতে হবে। এ লক্ষ্যে দেশের মানুষ রাস্তায় নেমেছে। অতিদ্রুত এই সরকারকে সরানো হবে। মামলা দিয়ে বিএনপিকে ঠেকানো যাবে না। মানুষের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে, তা সরকারকে সুনামির মত ভাসিয়ে নিয়ে যাবে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এবার কোনো নির্বাচন এ দেশে হবে না। সরকারকে পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই মিডিয়া বন্ধ করেছে। বিএনপির একমাত্র মুখপত্র ‘দৈনিক দিনকাল বন্ধ’ করে দিয়েছে। তারা ১২৯টি অনলাইন বন্ধ করেছে। এর আগেও বিভিন্ন গণমাধ্যম বন্ধ করেছে। বন্ধ করার পর প্রতিষ্ঠানগুলো তারাই কিনে নিয়েছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমানকে গ্রেফতার করা মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্দি করা। তারেক রহমানকে খলনায়ক বানাতে তার বিরুদ্ধে অপচার চালানো হচ্ছে। আপনাদের (সরকার) আহ্বান জানাই, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না। তিনি মানুষের কথা বলছেন, মানুষের জন্য কাজ করছেন।’
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উপদেষ্টা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্ত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন, কাদের গনি চৌধুরী প্রমুখ।
সারাবাংলা/এজেড/এনইউ