বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :

আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৪ সময় দেখুন
আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


ঢাকা: দেশের প্রায় ৬ কোটি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ করেছে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, সেবা সচল রাখতে আগামী ৬ মাস আগের কাঠামোর আওতায়ই কেন্দ্রগুলো পরিচালিত হবে। এ সময়ের মধ্যেই একটি টেকসই বহুমুখী কর্মপরিকল্পনায় নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় ‘বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক’ (বিইউএইচএন) এবং ‘এমিনেন্স’ যৌথভাবে ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনির্দিষ্ট নেটওয়ার্ক থাকলেও নগরের বিপুল এই জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না। এই শূন্যতা পূরণে বর্তমান সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে নগর স্বাস্থ্যের দায়িত্ব গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।’

সেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয় সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘বিদ্যমান নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো সরকারি ব্যবস্থাপনায় পুরোপুরি রূপান্তরের আগ পর্যন্ত আগামী ছয় মাস পূর্বের অংশীদারিত্বমূলক কাঠামোর আওতাতেই চালু থাকবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক অনুমোদনও দেওয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে একটি পূর্ণাঙ্গ, টেকসই ও সাশ্রয়ী নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।’

স্বাস্থ্য বাজেটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ইতিহাসে এবারই প্রথম স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য কেবল বর্তমান অবস্থানে সীমাবদ্ধ থাকা নয়; আগামী পাঁচ বছরে স্বাস্থ্য বাজেটকে ক্রমান্বয়ে জাতীয় বাজেটের ৫ শতাংশে উন্নীত করার সুস্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে সরকারের।’

ড. এম এ মুহিত বলেন, ‘নগর স্বাস্থ্য ব্যবস্থাকে কেবল হাসপাতাল ও ওষুধের মধ্যে সীমাবদ্ধ না রেখে আবাসন, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য এবং অসংক্রামক রোগ প্রতিরোধের মতো সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে। উপজেলা পর্যায়ের কাঠামো অন্ধভাবে শহরে প্রতিলিপি না করে নগরবাসীর প্রকৃত চাহিদা যাচাই, ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড প্রবর্তন এবং সরকারি-বেসরকারি খাতের কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন।’

পরিকল্পনা কমিশনে ইতোমধ্যে নগর স্বাস্থ্য প্রকল্পের প্রাথমিক অন্তর্ভুক্তি সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীদের দ্রুত একটি বাস্তবসম্মত, ব্যয়সাশ্রয়ী এবং বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক, নিপসম পরিচালক জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ইমাদুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দেওয়ান এমদাদুল হক, বিশ্বব্যাংক প্রতিনিধি ওয়ামেক রাজা, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেননূর।

এছাড়াও আলোচনা সভায় মতামত তুলে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং খাতসংশ্লিষ্ট অংশীজনেরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর