আন্তর্জাতিক ডেস্ক
উত্তর আফগানিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে ৬০ জন মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক। বাঘলান প্রদেশের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের পর কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১০ মে) রাতে এই অঞ্চলে ছড়িয়ে পড়া আরও দুটি ঝড়ের পূর্বাভাসের আগে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, পানির স্রোত বেশ কয়েকটি গ্রামের বাড়িঘর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। এপ্রিলের মাঝামাঝি থেকে বন্যায় ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বিবিসিকে বলেছেন, যারা মারা গেছেন তারা বাঘলান প্রদেশের বোরকা জেলা থেকে এসেছেন। সেখানে দুই শতাধিক মানুষ তাদের ঘরের ভেতরে আটকা পড়েছে।
এদিকে, স্থানীয় কর্মকর্তা হেদায়তুল্লাহ হামদর্দ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সেনাবাহিনীসহ জরুরি কর্মীরা কাদা ও ধ্বংসস্তূপের নিচে সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের সন্ধান করছেন।
বন্যায় কাবুলের সাথে উত্তর আফগানিস্তানের সংযোগকারী প্রধান সড়কটি বন্ধ রয়েছে।
সারাবাংলা/আইই