Last Updated:
মুম্বই: সইফ আলি খানের বাড়িতে ঢুকে কোনও আততায়ী তারকা অভিনেতার শরীরে একের পর এক ছুরির আঘাত করেছেন, বৃহস্পতিবার সকালে এই খবরে শিউরে উঠেছিল গোটা দেশ৷ সইফের মতো সেলিব্রিটির বাড়িতে এক বহিরাগতের ঢুকে পড়াটা যেমন চমকে দেওয়ার মতো, সেরকমই গাড়ির বদলে আহত সইফের অটোয় করে হাসপাতালে যাওয়ার ঘটনাও অবাক করেছে অনেককে৷ যে অটো চালক রক্তাক্ত সইফকে বুধবার গভীর রাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, সেই ভজন সিং রানার খোঁজ মিলল৷
ওই অটোচালকের দাবি, আহত অবস্থায় তাঁর অটোয় যে সইফ আলি খান বসে রয়েছেন, প্রথমে তা বুঝতেই পারেননি তিনি৷ শেষে হাসপাতালে পৌঁছনোর পর সইফ নিজেই নিজের পরিচয় দেওয়ার পর অভিনেতাকে চিনতে পারেন তিনি৷ একই সঙ্গে ভজন জানিয়েছেন, ওই পরিস্থিতিতে সইফের থেকে অটো ভাড়াও নেননি তিনি৷ তবে বিপদের মুহূর্তে তিনি যে সইফকে সাহায্য করতে পেরেছেন, এটা ভেবেই খুশি ভজন৷
শুক্রবার সংবাদমাধ্যমের সামনে ওই অটোচালক বলেন, ‘রাতে আমি অটো নিয়ে যাওয়ার সময় আচমকাই রাস্তার পাশের একটি বাড়ির গেট খুলে এক মহিলা চিৎকার করে আমাকে থামতে বলেন৷ একজন আহতকে হাসপাতালে নিয়ে যেতে হবে বলে জানান তিনি৷ একটু পরেই আমি দেখি সইফ আলি খান হেঁটে আমার অটোর দিকে আসছেন৷ যদিও তখন তাঁকে আমি চিনতে পারিনি৷ উনি নিজেই অটোতে উঠে বসেন৷ ওঁর সঙ্গে আরও একজন কমবয়সি ব্যক্তি (সম্ভবত সইফ পুত্র ইব্রাহিম) এবং একটি শিশুও ছিল৷ অটোয় উঠে উনি খালি আমাকে জিজ্ঞেস করেন হাসপাতালে পৌঁছতে কতক্ষণ লাগবে৷ আমি বলি, আট থেকে দশ মিনিটের মধ্যেই পোঁছে যাব৷’
আরও পড়ুন: সইফের মেরুদণ্ড থেকে মাত্র ২ মিমি দূরে ঢুকেছিল এই ৩ ইঞ্চি ধারালো ছুরি, গল গল করে বেরোচ্ছিল রক্ত!
ভজন জানিয়েছেন, সইফের পিঠ যে রক্তে ভেসে যাচ্ছিল তা তিনিও দেখেছেন৷ সইফের সাদা জামার পিছন দিক রক্তে ভেসে যাচ্ছিল৷ সইফের ডানদিকে ঘাড়ের কাছ থেকেও রক্ত পড়ছিল৷ প্রথমে ভজন ভেবেছিলেন, এটা হয়তো আর পাঁচটা মারামারির কোনও ঘটনার মতো৷ তবে গোটা রাস্তায় সইফ স্বাভাবিকই ছিলেন বলে জানিয়েছেন ওই অটোচালক৷ লীলাবতী হাসপাতালে পৌঁছে সোজা জরুরি বিভাগের সামনে অটো নিয়ে গিয়ে থামান তিনি৷ তখন সইফ আলি খান নিজেই অটো থেকে নেমে হাসপাতাল কর্মীদের নিজের পরিচয় দিয়ে দ্রুত চিকিৎসা শুরু করতে অনুরোধ করেন৷ তখনই ভজন সিং সেফকে চিনতে পারেন৷ তবে দু তিন মিনিট অপেক্ষার পর ফিরে হাসপাতাল থেকে বেরিয়ে যান তিনি৷
ভজনের কথায়, সইফের পীঠ থেকে এতটাই রক্ত বেরোচ্ছিল যে তাঁর অটোর সিটেও রক্তের দাগ লেগে যায়৷ পরে তা তিনি পরিষ্কারও করে নেন৷ ভজনের কথায়, ‘আমি ওনাদের থেকে ভাড়াও নিইনি৷ বিপদের সময় আমি যে ওনাদের সাহায্য করতে পেরেছি, এটা ভেবেই ভাল লাগছে৷’
চিকিৎসকরা জানিয়েছেন, সইফ এখন বিপন্মুক্ত এবং অনেকটাই সুস্থ৷ দিন দুয়েকের মধ্যেই সম্ভবত তাঁকে হাসপাতাল থেকে ছেডে় দেওয়া হবে৷ তবে কিছুদিন হাঁটাচলা করতে পারবেন না তিনি৷
Kolkata,West Bengal Kolkata [Calcutta],Kolkata,West Bengal
January 17, 2025 7:50 PM IST
Tollywood News: বিচ্ছেদের জল্পনার মাঝেই নতুন শুরুর ঘোষণা যীশুর… একটা ছবি দেখে চমকে উঠলেন ভক্তেরা