আন্তর্জাতিক ডেস্ক
ডোনেটস্ক ও মাকিয়িভকা শহরের আবাসিক এলাকায় ইউক্রেন সরকারের চালানো মিসাইল হামলাকে যুদ্ধাপরাধ মনে করছে না পশ্চিমা দেশগুলো। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে ফোনালাপে এ অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ওলাফ শোলৎজের সঙ্গে ফোনালাপে পুতিন জানিয়েছেন, ‘ওই দুই শহরে মিসাইল হামলা চালিয়ে বহু সাধারণ মানুষ হত্যা করেছে কিয়েভ।’ ইউক্রেন সরকারের এ ধরনের আচরণকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করে পুতিন বলেছেন, পশ্চিমা বিশ্ব ইউক্রেন সরকারের এমন যুদ্ধাপরাধ আমলে নিচ্ছে না।
ওলাফ শোলৎজকে পুতিন জানান, কিয়েভ-মস্কোর শান্তি আলোচনা একটি স্থিতাবস্থায় আটকে আছে, আর এর জন্য দায়ী ইউক্রেনের সরকার। ইউক্রেন সরকার আলোচনা ব্যর্থ করতে সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করছে, তারা অবাস্তব সকল প্রস্তাব তুলে ধরেছে। তবুও, রাশিয়া যুদ্ধপরিস্থিতি সমাধানে সকল প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত বলে জার্মান চ্যান্সেলরকে জানান পুতিন।
উল্লেখ্য যে, এ সপ্তায় প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মস্কো ইতিমধ্যে এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।
সারাবাংলা/আইই