আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে ব্রোভারি শহরে অবস্থিত গোলাবারুদ তৈরির কারখানা ধ্বংস করেছে রাশিয়া। এছাড়া দু’টি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডারও ধ্বংস করেছে রুশ বাহিনী। রোববার (১৭ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার দিবাগত রাতে রুশ সেনাবাহিনী ৬৮টি লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা চালিয়েছে। এর মধ্যে অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানা রয়েছে।
ইগোর কোনাশেনকভ জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনীর বিমান থেকে হাই প্রিসিশন ক্ষেপণাস্ত্রের সাহায্যে এসব সামরিক স্থাপনায় হামলা চালানো হয়।
এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারখিভ কর্তৃপক্ষ দাবি করেছে, রোববার রুশ রকেট হামলায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয় হয়েছেন আরও অন্তত ১৩ জন।
গত বুধবার থেকে কিয়েভ, খারখিভ ও লাভিব শহর ও পার্শ্ববর্তী এলাকায় লাগাতার রকেট হামলা করে আসছে রুশ সেনারা। বুধবার এবং শুক্রবার সংবাদ সম্মেলনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভে রকেট হামলার তীব্রতা বৃদ্ধি করা হবে বলেও অঙ্গীকার ব্যক্ত করে। শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে অবস্থিত একটি মিসাইল কারখানা ধ্বংস করে রাশিয়া।
রাশিয়ার দাবি, রুশ ভূখণ্ডে বিমান হামলা চালাচ্ছে ইউক্রেন। দেশটির এমন হামলা বন্ধ না হলে রকেট হামলা অব্যাহত থাকবে। তবে কিয়েভ কর্তৃপক্ষ রুশ ভূখণ্ডে হামলার তথ্য স্বীকার করেনি।
সারাবাংলা/আইই