আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম ধাপ শেষ হয়েছে ঘোষণা দিয়েছে রাশিয়া। এখন থেকে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলকে পুরোপুরি স্বাধীন করার দিকে মনোযোগ দেবে রুশ সেনারা। শুক্রবার (২৫ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় এমনটা জানানো হয়।
মস্কো জানিয়েছে, রুশ সমর্থক বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের লুহানস্ক প্রদেশের ৯৩ শতাংশ এবং ডোনেটস্ক অঞ্চলের ৫৪ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে। এই দুই অঞ্চল একসঙ্গে ডনবাস অঞ্চল নামে পরিচিত।
ক্রেমলিনের এমন ঘোষণার পর ধারনা করা হচ্ছে, ইউক্রেনে প্রবল প্রতিরোধের মুখে রাশিয়া এখন সামগ্রিক যুদ্ধের পরিবর্তে কিছু ছোট ছোট লক্ষ্য সামনে রেখে লড়াই করবে।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর দুই দিন আগে ইউক্রেনের ডোনেটস্ক ও লুহানেস্কো অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে মস্কো। ইউক্রেনে সামরিক হামলার পর থেকে পশ্চিমা বিশ্বের প্রবল চাপের মুখে পড়ে রাশিয়া। সরাসরি কোনো দেশ যুদ্ধে হস্তক্ষেপ না করলেও অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে মস্কোকে দমনের চেষ্টা চলছে।
সারাবাংলা/আইই