আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস ক্রয়ের বড় একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার গ্যাসের উপর ইউরোপের নির্ভরতা কমাতে এ চুক্তি স্বাক্ষর করেছে দুই পক্ষ।
চুক্তি অনুযায়ী চলতি বছরের শেষের দিকে ইউরোপে অতিরিক্ত ১৫ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য যে, রাশিয়ার গ্যাসের উপর ইউরোপ অতিমাত্রায় নির্ভরশীল। ইউরোপের গ্যাসের মোট চাহিদার প্রায় ৪০ শতাংশ পূরণ হয় রাশিয়ার গ্যাসে। তবে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ লাইন নর্ড স্টিম ২ প্রকল্প বাতিল করেছে বার্লিন।
রুশ গ্যাসের বিকল্প খুঁজতে মরিয়া ইউরোপ। বিশ্বের অন্যতম শীর্ষ গ্যাস উৎপাদক দেশ কাতারকে সেই বিকল্প হিসেবে দেখা হচ্ছিল। তবে কাতারের প্রধান ক্রেতা এশিয়ার দেশগুলো। তাই দেশটি এখনই ইউরোপে ব্যাপক মাত্রায় গ্যাসের সরবরাহ বাড়াতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে ইউরোপে গ্যাসের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র গ্যাস উত্তোলন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
তবে যুক্তরাষ্ট্র সরবরাহ বাড়ালেও রুশ গ্যাসের জায়গা এখনই পুরোপুরি নিতে পারবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। ইউরোপে ২০২০ সালে ২১৬ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করেছিল রাশিয়া। সে বছর ইউরোপের ব্যবহার করেছে ৫৪১ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস।
সারাবাংলা/আইই