আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ইস্পাহান শহরের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৯ জানুয়ারি) ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেশ কয়েকটি ড্রোন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। তবে এ হামলা ইরানের প্রতিরোধে ব্যর্থ হয়। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করেছে। অন্য দুটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার বেষ্টনীতে পড়ে বিস্ফোরিত হয়।
এই ড্রোন হামলার জন্য কারা দায়ী তা উল্লেখ করেনি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে প্রায়ই ড্রোন হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটছে।
সারাবাংলা/আইই