
কনক বড়ুয়া, উখিয়া প্রতিনিধি ::
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৫ হাজার ১৫০ পিছ ইয়াবাসহ এক উপজাতি নারী ও এক রোহিঙ্গা নারীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
আটকৃতরা হলেন বালুখালী ক্যাম্প ৯’র এফ/১ ব্লকের এফডিএমএন নাজির হোসেনের মেয়ে ফাতেমা(২১) ও উখিয়ার পালংখালী ইউপি’র তেলখোলা চাকমা পাড়ার মংপু অং চাকমার মেয়ে রীমা চাকমা (৩৯)।
রোববার (১২ ডিসেম্বর) দুপুর আড়াই টার দিকে ক্যাম্প-৯’র ব্লক এফ-১’র আশ্রিত রোহিঙ্গা নুরুল ইসলামের বসতঘর হতে তাদের আটক করা হয়।
এপিবিএন পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে গোপন তথ্যের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেনের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ ফয়জুল আজীম ও সঙ্গীয় ফোর্সসহ পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন-০৯ এর এফ/০১ ব্লকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই নারী আটক করা হয়।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ কামরান হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা ক্রয় করে এনে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করতো। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।