Last Updated:
সুমন সাহা, সুন্দরবন: দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত কুলতলি ব্লকেও এ দিন স্কুল ছাত্রীদের নিয়ে পালন করা হয়। ঋতুচক্র চলাকালীন কী কী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তা নিয়ে ছাত্রীও সুন্দরবনের গ্রামীণ মহিলাদের সচেতন করেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। নাটক, ক্যুইজের মাধ্যমে স্বাস্থ্যবিধির নানা দিক তুলে ধরা হয়। বাংলা জুড়ে ঋতুকালীন স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনার জন্য ‘হোক কথা’ কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচিকে সামনে রেখেই এ দিন ঋতুকালীন স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলার ডাক দেওয়া হয়। সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে ঋতুকালীন স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যায় ভোগেন মহিলারা। সম্প্রতি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফও।
কুলতলি-জয়নগর গ্রামীণ হাসপাতালের এলাকার অন্তত ৫০ শতাংশ মহিলা ঋতুকালীন নানা সমস্যা ভোগেন। স্কুল পড়ুয়াদের মধ্যে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার চালু হলেও, বয়স্ক মহিলারা এখনও অনেক ক্ষেত্রেই কাপড় ব্যবহার করেন। তার উপর ঋতুকালীন সময়ে পুকুরে স্নান বা নদীতে মীন ধরতে যাওয়ার ফলে সংক্রমণ বাড়ে। এ সব নিয়ে সচেতন করতে স্কুল পড়ুয়াদের নিয়ে তৈরি একটি দল বছরভরই মহিলাদের সচেতন করা হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। পাশাপাশি সুন্দরবনে প্রায় ফি বছরই ঘূর্ণিঝড় আসে। বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয় বহু মানুষকে। সেই সময় ঋতুকালীন স্বাস্থ্যে কী ভাবে নজর রাখতে হবে তা নিয়েও এ দিন বোঝানো হয় মেয়েদের। পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পর তা কী ভাবে নষ্ট করতে হবে, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। এছাড়া ঋতুকালীন স্বাস্থ্য নিয়ে লজ্জা পেলে চলবে না। নিজেকে সচেতন হতে হবে। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। এটা লজ্জায় লুকিয়ে রাখার জিনিস নয়। সেই কারণেই এই অনুষ্ঠানের থিম ‘হোক কথা’। এই বিষয়ে কিন্তু ছেলেদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। কুলতলি ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি জানান প্রত্যন্ত এই এলাকায় মানুষের মধ্যে এখনও নানা রকম সামাজিক বাধা কাজ করে। ফলে এই বিষয় নিয়ে মানুষ কথা বলতে ইতস্তত করেন। আমাদের একটি টিম সারাবছরই সচেতনতার কাজ করে যাচ্ছে। আজ বিশেষ ভাবে দিনটি পালন করা হয়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal