আন্তর্জাতিক ডেস্ক
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। প্রায় চার দশক ধরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর তিনি তার বড় ছেলে হুন মেনেতের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া একটি বিশেষ ভাষণে ৭০ বছর বয়সী এই নেতা বলেন, ঘোষণা করছি যে, আমি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যাব না।
গত রোববার নির্বাচনে হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) জয় পায়। নির্বাচনে ৮২ শতাংশ ভোট পায় তার দল। এ নির্বাচনে ভোট পড়ে ৮৪ শতাংশের বেশি।
হুন সেন অবশ্য গত দেড় বছর ধরে তার ৪৫ বছর বয়সী বড় ছেলের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছেন। এবারের নির্বাচনের প্রচারের দায়িত্ব সামলিয়েছেন হুন মেনেত। এছাড়া সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সামনে থাকছেন।
সারাবাংলা/আইই