ঢাবি করেসপন্ডেন্ট
ঢাকা: ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরুদ্ধ করে রেখেছে ইউনিটটির নেতাকর্মীরা।
কমিটির দাবিতে রোববার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিউ মার্কেট এলাকায় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের গাড়িও আটকে দেন তারা।
এদিকে, রাত সাড়ে ১০টার পর থেকেই সায়েন্সল্যাব মোড় অবরুদ্ধ করে বিক্ষোভ করেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত ১২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছিল।
এদিকে, অবরোধের কারণে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের গাড়িবহরও আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, আটকে পড়ায় গাড়ি থেকে নেমে আসেন ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের এই তিন নেতা। এ সময় ঢাকা কলেজ ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশীরা নেতাদের কাছে কমিটি দেওয়ার দাবি জানান। তবে তাদের পক্ষ থেকে তেমন কোনো আশ্বাস মেলেনি। পরে কিছু পথ হেঁটে আওয়ামী লীগের এ তিন নেতা গাড়িতে উঠে ধানমণ্ডির কার্যালয়ের দিকে চলে যান।
এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশীদের একজন ফিরোজ হোসেন বলেন, ‘আমরা সবাই মিলে কমিটি ঘোষণার জন্য আল নাহিয়ান খান জয়কে অনুরোধ করেছি। দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করছিন। আর দুদিন পর জয়-লেখক সাবেক হয়ে যাবে। এখন কমিটি না দিলে আর কখন দিবে।’
ছাত্রলীগের এ নেতা আরও বলেন, ‘আমরা দাবি করেছি ৫ ডিসেম্বরের মধ্যে কমিটি দিতে। ৬ ডিসেম্বর সম্মেলন। সময় তো শেষ। এর মধ্যে কমিটি না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
এ বিষয়ে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘ছাত্রদের সঙ্গে নেতাদের কোনো বিষয়ে সমস্যা হয়েছে। বিস্তারিত এখনই বলতে পারছি না।’
সারাবাংলা/আরআইআর/পিটিএম